বাড়িতে নাকি ত্রাণের প্রচুর সামগ্রী মজুত করে রেখেছেন স্থানীয় তৃণমূল নেতা! এমন অভিযোগ পেয়ে তাঁর বাড়িতে হানা দেয় দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পুলিশ। তবে অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে শুধু ত্রাণসামগ্রী নয়, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও। সেই ঘটনায় গ্রেফতার করা হয় কুলতলির তৃণমূল নেতা কার্তিক সর্দারকে। অন্য দিকে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকা থেকেও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ।
কুলতলি ব্লকের জলাবেড়িয়া গ্রামের বাসিন্দা কার্তিক। স্থানীয়দের অভিযোগ, তাঁর বাড়িতে অনেক ত্রাণের সামগ্রী রাখা আছে। তার পরেও কেউ যদি ত্রাণ-সাহায্য চান, তবে তা দিতে চাইতেন না ওই তৃণমূল নেতা। সেই অভিযোগ পেয়ে পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। জানা গিয়েছে, তল্লাশি অভিযানের সময় কার্তিকের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ উদ্ধার হওয়া ত্রাণসামগ্রী, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বাজেয়াপ্ত করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত কার্তিক কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দারের আত্মীয়। গ্রামবাসী সুজাতা সর্দারের অভিযোগ, ‘‘আমরা দেখতাম অনেক বারই গাড়িতে করে ওই তৃণমূল নেতার বাড়িতে ত্রাণসামগ্রী আসছে। কিন্তু সেই ত্রাণসামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছোত না।’’ প্রাকৃতিক দুর্যোগে বার বার ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের বহু পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি, গ্রামবাসীদের। কেন কার্তিকের বাড়িতে ত্রাণসামগ্রী মজুত ছিল, নেপথ্যে আর কে কে আছেন— এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
আরও পড়ুন:
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেত্রী মাধবী মহালদারের অভিযোগ, সাধারণ মানুষের ত্রাণ পঞ্চায়েত সমিতির অফিসে থাকার কথা। কিন্তু তা পাওয়া গেল তৃণমূল নেতার বাড়ি থেকে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। ধৃত কার্তিককে বুধবার বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। সূত্রের খবর, তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।
অন্য দিকে, সন্দেশখালি থেকেও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুজয় মণ্ডল। এলাকায় তিনি মাস্টারমশাই বলে পরিচিত। ২০২৪ সালে বিরোধী দলের কর্মীদের মারধর, হুমকি, জমি দখল করতেন বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল সন্দেশখালি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন সুজয়। স্থানীয় সূত্রে খবর, ধৃত সুজয় সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতোর ঘনিষ্ঠ। বুধবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হবে।