Advertisement
E-Paper

ত্রিকোণ প্রেম, কাটারি দিয়ে কিশোরীকে কোপাল তরুণী

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বাণীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, জখম কিশোরী হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণীর বাড়ি অশোকনগর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ০১:৩৬
ধৃত: পুলিশ নিয়ে যাচ্ছে ওই তরুণীকে। নিজস্ব চিত্র

ধৃত: পুলিশ নিয়ে যাচ্ছে ওই তরুণীকে। নিজস্ব চিত্র

রাত ৮টা নাগাদ কিশোরীটির আর্ত চিৎকার শুনে ছুটে এসেছিলেন প্রতিবেশীরা। ধারাল কাটারি দিয়ে তখন তাকে কোপাচ্ছে বছর বাইশের এক তরুণী। রক্তে ভেসে যাচ্ছে কিশোরীটির দেহ। পড়শিদের চেষ্টায় ধরা পড়ে ওই তরুণী। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জখম কিশোরীটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার মাথায় ও হাতে মোট সতেরোটি সেলাই পড়েছে চিকিৎসকেরা জানিয়েছেন।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার বাণীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, জখম কিশোরী হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণীর বাড়ি অশোকনগর এলাকায়। বিএ পাশ করে ওই তরুণী এখন গৃহশিক্ষকতা করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের জেনেছে, বাণীপুর এলাকারই এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরে। ওই কিশোরীর সঙ্গে যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল বলে তরুণীর সন্দেহ। কিশোরীটিকে সে যুবকের কাছ থেকে সরে যেতেও বলেছিল বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে। এক পুলিশকর্তার কথায়, ‘‘প্রেমিক হাতছাড়া হয়ে যাচ্ছে—এই রাগেই ওই তরুণী এই কাণ্ড ঘটিয়েছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীর মা দমদমে বাপের বাড়িতে গিয়েছিলেন। বাবা গিয়ে‌ছিলেন স্থানীয় ২ নম্বর রেলগেট এলাকায়। বাণীপুরের বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরী যে রাতে বাড়িতে একা ছিল, তা তরুণীটি আগে থেকেই জানত বলে তদন্তকারীদের বক্তব্য। পুলিশ জানিয়েছে, ওই তরুণী ঘরে ঢুকেই কিশোরীকে বলে, ‘‘একটু গল্প করতে এসেছি।’’ এর পর সে জল খেতে চায়। কিশোরীটি যখন ফ্রিজ থেকে জল বের করছিল, তখনই পিছন থেকে কাটারি দিয়ে তাকে কোপাতে শুরু করে। কিশোরীর চিৎকারে তার আত্মীয়রা ছুটে আসেন। তরুণীর কাছ থেকে তাঁরা কাটারিটি ছিনিয়ে নেন। তাকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলি‌শে। কিশোরীর বাবা বলেন, ‘‘কেন ও মেয়েকে খুন করতে এসেছিল, তা জানি না। তবে ওর সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। আমার মেয়ে যে বাড়িতে একা ছিল, তা এলাকারই কেউ ওকে জানিয়েছিল।’’

তরুণীর বাড়িতে গিয়ে দেখা গেল, দরজায় তালা ঝুলছে। প্রতিবেশীরা জানান, ওই তরুণী এলাকায় বিশেষ কারও সঙ্গে মেলামেশা করত না। ওই যুবকের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যায়নি। তাঁর বাড়ির থেকেও কেউ কোনও মন্তব্য করেননি।

Woman Love story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy