E-Paper

ভোট-আবহে পোস্টার ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ

রবিবার গভীর রাতে সাগর ব্লকের চক ফুলডুবি এলাকায় মুড়িগঙ্গা ২ পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:১৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের বাকি আর মাত্র কয়েক দিন। বিভিন্ন কেন্দ্রে জোরকদমে প্রচার করছেন প্রার্থীরা। তার মধ্যেই প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স-পতাকা-পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে একাধিক এলাকায়। কোথাও শাসক তৃণমূলের প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ায় অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। আবার কোথাও বিরোধীদের পোস্টার ছেঁড়া হয়েছে। সেক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকেই।

রবিবার গভীর রাতে সাগর ব্লকের চক ফুলডুবি এলাকায় মুড়িগঙ্গা ২ পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রের খবর, সাগরের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে লাগানো একাধিক ব্যানার ও দলীয় পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়। এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে রাখা দু’টি সাইকেল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে বিষয়টি নজরে আসে। ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ। আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্র বলেন, “রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে।” তবে স্থানীয় বিজেপি নেতা অরুণাভ দাস বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মিথ্যা অভিযোগ করে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা থাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি।

অন্য দিকে, জয়নগরের উত্তর দুর্গাপুরে স্থানীয় সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিকের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের দেওয়াল লিখনকে বিকৃত করার অভিযোগও উঠেছে। সোমবার বিকেলে খবর পেয়ে এলাকায় যান অপূর্ব। পুলিশ আসে। অপূর্ব বলেন, “সিপিএম-আইএসএফ জোট এখানে তৃণমূলের প্রধান মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। তাই বেছে বেছে আমাদের পোস্টার ছেঁড়া হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনের আধিকারিকেরা এসে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের উপস্থিতিতেই আবার আমরা পোস্টার মেরেছি।”

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বারুইপুরের উত্তরভাগ, জয়নগরের নারায়ণীতলা, গোচরণ এলাকায় বিজেপি প্রার্থী টুম্পা সর্দারের নাম লেখা ফ্লেক্স ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উত্তরভাগ এলাকায় সদ্য লাগানো ফ্লেক্স খুলে পানা পুকুরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। এ দিন খবর পেয়ে এলাকায় গিয়ে পানাপুকুর থেকে ফ্লেক্স তুলে আবার লাগানোর ব্যবস্থা করেন টুম্পা। তিনি বলেন, “গ্রামে গ্রামে বিজেপির জনপ্রিয়তা দেখে তৃণমূল ভয় পেয়েছে। সেই ভয়েই আমাদের ফ্লেক্স খুলে জলে ফেলেছে।” যদিও, দু’টি ক্ষেত্রেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ মানেননি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

sagar jaynagar TMC BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy