দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের গঙ্গার ধারে বসার জন্য কংক্রিটের আসনগুলি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অধিকাংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে ২০০৮ সালে জেটি ঘাট থেকে কেল্লার মোড় পর্যন্ত প্রায় ৬০টি বসার জায়গা তৈরি করা হয়েছিল। তার মধ্যে এখন কয়েকটি ভেঙে পড়েছে। আবার কয়েকটি বিপজ্জনক অবস্থায় ঝুলছে। যে কোনও মুহুর্তে ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের দাবি, অবিলম্বে ওই কংক্রিটের ছাউনি দেওয়া বসার জায়গাগুলি সংস্কার করা দরকার। এ বিষয়ে ডায়মন্ড হারবারের পুরসভার উপ পুরপ্রধান পান্নালাল হালদার বলেন, ‘‘যে সমস্ত আসনগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেগুলি শীঘ্রই ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু ওই বসার জায়গাগুলি সংস্কার বা নতুন করে নির্মাণ করতে গেলে প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন। সে বিষয়ে জেলা পরিষদকে জানানো হয়েছে। তবুও আমরা পুরসভার তহবিল থেকে করা যায় কিনা দেখব।’’