জনপ্রিয় রিয়্যালিটি শো-তে অংশ নেওয়া পশ্চিমবঙ্গের এক প্রতিযোগীর পাসপোর্ট-সমস্যা মেটাতে উদ্যোগী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা অঙ্কিতা প্রধান ওই সঙ্গীতকেন্দ্রিক রিয়্যালিটি শো-র অন্যতম প্রতিযোগী। পাসপোর্ট সংক্রান্ত সমস্যার কারণে রিয়্যালিটি শো-এর পরবর্তী পর্ব থেকে বাদ পড়তে পারত অঙ্কিতা। তার পরিবার অভিষেকের দফতরের সঙ্গে যোগাযোগ করে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে সমস্যা মেটে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এত দিন ওই রিয়্যালিটি শো-এর শুটিং চলছিল মুম্বইয়ে। তবে অনুষ্ঠানটির ‘সেরা ১০ প্রতিযোগী’ শীর্ষক পর্বের শুটিং হওয়ার কথা দুবাইয়ে। অঙ্কিতা নাবালক হওয়ায় সে একা দুবাই যেতে পারবে না। তাই সে এবং তার মা পাসপোর্টের জন্য আবেদন করে। এক সঙ্গে আবেদন করলেও অঙ্কিতার মা পাসপোর্ট পাননি। অঙ্কিতা অবশ্য তা হাতে পেয়ে যান। অন্য দিকে, চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল পাসপোর্ট পাওয়া গিয়েছে কি না, তা তিন দিনের মধ্যে জানাতে হবে। এই পরিস্থিতিতে পরবর্তী পর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা ছিল অঙ্কিতার।
সমস্যার সমাধানে অভিষেকের দফতরের সঙ্গে যোগাযোগ করে অঙ্কিতার পরিবার। বিষয়টি জানার পর হস্তক্ষেপ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার পাসপোর্ট হাতে পান অঙ্কিতার মা। বর্তমানে চিন্তামুক্ত হয়ে অঙ্কিতা তার মায়ের সঙ্গে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এই ঘটনায় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ‘স্থানমাহাত্ম্য’ খুঁজে পাচ্ছেন। অনেকে মনে করছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের উপর অভিষেক যে বিশেষ ভাবে নজর রেখেছেন, এই ঘটনা তারই প্রমাণ। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সম্প্রতি সেবাশ্রয় কর্মসূচিও করেছেন অভিষেক। যদিও অন্য একটি অংশের বক্তব্য, এই ধরনের ঘটনার সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক নয়। এক জন দায়িত্বশীল রাজনীতিক হিসাবেই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন তিনি।