উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল শুরু হল। পূর্ব রেল সূত্রে খবর, আজ শনিবার ওই রুটে দুটো ট্রেন চালানো হবে। একটা হল কামরূপ এক্সপ্রেস এবং অন্যটা রাধিকাপুর এক্সপ্রেস। কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। অন্য দিকে, রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়বে নির্ধারিত সময়েই।
আরও পড়ুন: আবহাওয়া অস্থির, বৃষ্টি যখন-তখন
আরও পড়ুন: ৩ বছর আগে সেতুর সঙ্কট জানত রেল
উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় গত মাসে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হয় আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে। নদীগুলো ফুলেফেঁপে ওঠে। নদীর জলের তোড়ে কোথাও কোথাও রেললাইন ভেসে যায়। ফলে উত্তরবঙ্গগামী সব ট্রেন বাতিল করতে হয়। রেলপথে প্রায় যোগাযোগ বিচিছন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এবং নদীর জল নামতে শুরু করায় রেল ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে কাজ শুরু করে। কাজ এখনও চলছে। তাই প্রথম ধাপে সব ট্রেন চালু না করে এক এক করে ট্রেন চালাতে চাইছে রেল।