প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরে প্রচার শুরুর আগে অনেকেইগেলেন মন্দিরে। তার পরে প্রচারে বেরিয়ে কেউ দুর্নীতি, নাগরিক পরিষেবা না পাওয়ার অভিযোগ তুললেন। আবার কারও মুখে কেন্দ্র পুনরুদ্ধারের কথা।
আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বস্তিনবাজারে দুর্গামন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বাড়ি বাড়ি যান। বিদায়ী বিধায়ক অগ্নিমিত্রা পালও তাঁর নিজের কেন্দ্র, আসানসোল দক্ষিণে জনসংযোগ করেন। বার্নপুর ত্রিবেণী মোড়ে হোর্ডিং, ফ্লেক্স দিয়ে প্রচার করেন অগ্নিমিত্রা।
অগ্নিমিত্রার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দল ১৫ বছর ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাঁর প্রশ্ন, “তাপস বন্দ্যোপাধ্যায় ২০১১ সাল থেকে ‘১৬ পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। রাজ্যে তাঁদের সরকার। কেন চাকরি দিতে পারেননি। গরিব মানুষ বাড়ি পাননি, পানীয় জলের গৃহসংযোগ হয়নি।” তিনি বলেন, “জয়ের পরে প্রথম কাজ হবে আসানসোল দক্ষিণে জল-সমস্যা মেটানো। জলের গৃহসংযোগের জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি রাখব। দামোদর নদের উপরে সেতুর দাবি বহু দিনের। সরকার গঠন হলেই এই কাজ শুরু করব।” কৃষ্ণেন্দুর কথায়, “শিল্পনগর আসানসোল থেকে শিল্প উঠে গিয়েছে। পরিকল্পনার অভাবে শহরের প্রতিটি রাস্তায় যানজট হচ্ছে। বিজেপি সরকার তৈরির সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলের হৃতগৌরব ফিরিয়ে আনব। এখানে যে শিল্প বন্ধ রয়েছে, সেগুলো চালুর ব্যবস্থা করা হবে। কর্মসংস্থান হবে।”
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাশন বলেন, “ওদের বলার কিছুই নেই। তাই নির্বাচনের প্রচারে এ সব ভিত্তিহীন কথা বলতে হচ্ছে।”
কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নিয়ামতপুর নিউরোডে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। অভিজিৎ বলেন, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলটি পুনরুদ্ধরের দায়িত্ব আমাকে দিয়েছেন।” তাঁর অভিযোগ, “গত পাঁচ বছরে কুলটির বিধায়ক কোনও কাজ করেননি।” এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অজয় পোদ্দার বলেন, “সরকার থেকে পুরসভা, সব তৃণমূলের। আমার তরফে যতটুকু করা সম্ভব, তা করেছি।”
কুলটির বাম প্রার্থী, ফরওয়ার্ড ব্লকের ভবানী আচার্য জানান, বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করা হয়েছে। তার পরে সক্রিয় ভাবে প্রচার শুরু হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)