Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

কল উদ্বোধন ঘিরে ধুন্ধুমার আসানসোলে, অগ্নিমিত্রাকে ঘিরে বিক্ষোভ, খালি হাতে ফিরলেন বিধায়ক

পানীয় জলের দাবি মিটেছে। কিন্তু জলের কল উদ্বোধন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল আসানসোলে। স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরে বিক্ষোভ। বিধায়ক দায় চাপালেন তৃণমূলের উপর।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৪:৫১
বিক্ষোভরত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

বিক্ষোভরত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। — নিজস্ব চিত্র।

নলের সঙ্গে কলের সংযোগ হয়েছে। এ বার মিলবে পরিশ্রুত পানীয় জল। আর তার উদ্বোধন ঘিরেই ধুন্ধুমার বাধল আসানসোলে। গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল। দেখানো হল কালো পতাকা। বিধায়কের অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে গোলমাল পাকাচ্ছে। পাশাপাশি দাবি, কল সংযোগের কৃতিত্ব তাঁরই। পাল্টা অগ্নিমিত্রার বিরুদ্ধেই জোর করে গোলমাল পাকানোর অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

আসানসোল পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের নাকড়াসোতা। যা আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত। সেখানেই কেন্দ্রীয় সরকারি সংস্থা ইস্কো সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর ফান্ড) থেকে পানীয় জলের কল সংযোগের উদ্বোধনকে ঘিরে উত্তেজনা ছড়াল। শুক্রবার সকালে কলের উদ্বোধন করতে হাজির হন অগ্নিমিত্রা। কিন্তু এলাকায় ঢুকতে পারেননি বিজেপি বিধায়ক। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দেখানো হয় কালো পতাকা, দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগানও। এ নিয়ে অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয় মানুষের ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। স্থানীয়দের দাবি, কল উদ্বোধনের কৃতিত্ব কোনও রাজনৈতিক দলকে চুরি করতে দেওয়া হবে না। তাই অগ্নিমিত্রাকে আটকে দেওয়া হয়েছে। বিজেপি বিধায়কের পাল্টা দাবি, ইস্কো কর্তৃপক্ষ তাঁকেই চিঠি দিয়ে নলের মাধ্যমে জল সংযোগের খবর জানিয়েছে। তিনি উদ্যোগ নেওয়াতেই সাধারণ মানুষের জলের সমস্যার সমাধান হয়েছে বলেও দাবি তাঁর। বিক্ষোভের বিষয়টিকে তৃণমূলের সাজানো ‘গেমপ্ল্যান’ বলে অভিহিত করে তিনি বলেন, ‘‘তৃণমূল সরকার নিজেও কাজ করবে না। কাউকে কাজ করতেও দেবে না। বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসে তাই ‘গো ব্যাক অগ্নিমিত্রা’ স্লোগান দেওয়ানো হচ্ছে। কী জন্য গো ব্যাক? অগ্নিমিত্রা কাজ করতে চাইছে বলে! আসলে, জলের সমস্যার সমাধান হোক তা তৃণমূল কাউন্সিলর চান না। আমি বিজেপির বিধায়ক। আমাকে নাকি অনুমতি নিতে হবে তৃণমূলের কাউন্সিলরের কাছ থেকে! এটা কি সংস্কৃতি?’’

যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অগ্নিমিত্রার কোনও অভিযোগ মানেনি। যে এলাকার ঘটনা, আসানসোল পুরসভার সেই ৯৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপ মাজির পাল্টা দাবি, দল নয়, এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছেন। অনুপ বলেন, ‘‘এলাকাবাসী স্পষ্ট জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের স্থান নেই। তৃণমূলেরও কেউ নেই। তা হলে অগ্নিমিত্রা কোন আক্কেলে কৃতিত্ব দাবি করতে এখানে আসেন! বাইরের এক জন লোকও ছিল না। সবাই স্থানীয় বাসিন্দা। কোনও দলের পতাকা তাঁরা নেননি। জলের কল উদ্বোধন করে নাম কিনতে না পেরে তাই অগ্নিমিত্রার গোসা হয়েছে।’’

এলাকাবাসীর দাবি, পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। বহু বার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজ হয়নি। এখন বাসিন্দাদের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেল সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জলের কল তৈরি করে দিয়েছে। এই কাজে কোনও রাজনৈতিক দলকেই এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা বলে জানিয়েছেন।

Agnimitra Paul BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy