E-Paper

ভোট আবহে পানীয়, নিকাশি নিয়ে অভিযোগ দামোদর কলোনিতে

স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিংহ, নুর বেগমদের অভিযোগ, এলাকায় পাইপলাইনে অত্যন্ত কম জল সরবরাহ হয়। সরু সুতোর মতো জল আসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আজ, শনিবার ভোটার তালিকা প্রকাশিত হবে। বিধানসভা নির্বাচনের আহত তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের দামোদর কলোনি এলাকার একাংশে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। একই সঙ্গে নিকাশি নালা না থাকায় বাড়ির বর্জ্য জল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি তাঁদের। অবিলম্বে পুরসভার তরফে পদক্ষেপের দাবিজানিয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিংহ, নুর বেগমদের অভিযোগ, এলাকায় পাইপলাইনে অত্যন্ত কম জল সরবরাহ হয়। সরু সুতোর মতো জল আসে। প্রাক্তন পুর প্রতিনিধির কাছে পানীয় জলের সমস্যা সমাধানে সাবমার্সিবল পাম্প বসানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু, তার বদলে একটি চাপা কল বসানো হয়। সেই কল থেকে ঘোলা জল বেরোচ্ছে। তাঁদের আরও অভিযোগ, বেহাল নিকাশি নালার জন্য বাড়ির বর্জ্য জল জমিয়ে রাখতে হয়। পরে তা তুলে দূরে কোথাও ফেলে আসতে হয়। প্রাক্তন তৃণমূল পুর প্রতিনিধি শিপুল সাহা জানান, দামোদর কলোনির মধ্যে চারটি ট্যাপ কল রয়েছে। সামনের একটি ট্যাপ কলে জল কম বেরোনোর জন্য একটি চাপা কল বসানো হয়েছে। প্রথমে স্বচ্ছ জল পড়ত। এখন ঘোলা জল বেরনোর অভিযোগ পেয়ে পুরসভায় জানানো হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দফতরের ইঞ্জিনিয়াররা দ্রুত গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সাবমার্সিবল পাম্প না বসানোর কারণ হিসাবে শিপুলের দাবি, সমস্যাটি মূলত এলাকার চারটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ। একটি সাবমার্শিবল পাম্প থেকে অনেকগুলি ট্যাপের সংযোগ দিতে হয়। তা না হলে জলের চাপ নিয়ন্ত্রণে থাকে না। তাই চাপা কল বসানো হয়েছে। তিনি আরও জানান, নিকাশি নালার মধ্য দিয়ে মোটা জলের পাইপলাইন যাওয়ায় জল নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। দামোদর কলোনি থেকে মহানন্দা কলোনি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৩৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুরসভা। কাজ শুরু হবে। তখন নিকাশি সমস্যাও মিটবে বলে আশ্বাস দেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “শহরের নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে। দীর্ঘ দিন নির্বাচিত বোর্ড না থাকায় কেউ দেখার নেই। পুরসভার জল দফতরে বিনা কাটমানিতে কোনও কাজ হয় না। পানীয় জলের মতো একটি জরুরি পরিষেবা নিয়ে সমস্যার দ্রুত সমাধান চাই।” তৃণমূলের ৩ নম্বর ব্লক সভাপতি শিপুল বলেন, “নাগরিক পরিষেবা যথাযথ আছে। খবর পাওয়া মাত্র প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যা মিটে যাবে। বিজেপির অভিযোগেরগুরুত্ব নেই।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Durgapur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy