Advertisement
E-Paper

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল বাস, বর্ধমানে আহত ১৫ যাত্রী, চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের একাংশের অভিযোগ, দুর্ঘটনার সময় মোবাইল ফোন কানে রেখে বাস চালাচ্ছিলেন চালক। চালকের অন্যমনস্কতার জেরেই এই দুর্ঘটনা বলে দাবি তাঁদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৬:১৭
দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে গিয়েছে বাসটি। বুধবার পূর্ব বর্ধমানের গলসিতে।

দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে গিয়েছে বাসটি। বুধবার পূর্ব বর্ধমানের গলসিতে। —নিজস্ব চিত্র।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারল যাত্রিবাহী বাস। বুধবার সকালে পূর্ব বর্ধমানের গলসিতে এই দুর্ঘটনার জেরে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর ভাবে জখম হয়েছেন চার জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্গাপুরের বেনাচিতি থেকে বাসটি নদিয়ার কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। বাসে ছিলেন ১৫ জন যাত্রী। বেসরকারি বাসটি গলিগ্রাম এলাকা থেকে যাত্রী তুলে গলসির চৌমাথার দিকে এগোচ্ছিল। সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়কের এক ধারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের একাংশের অভিযোগ, দুর্ঘটনার সময় মোবাইল ফোন কানে রেখে বাস চালাচ্ছিলেন চালক। চালকের অন্যমনস্কতার জেরেই এই দুর্ঘটনা বলে দাবি তাঁদের।

সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের কেবিনে বসে থাকা সবচেয়ে বেশি চোট-আঘাত পান। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কের বর্ধমানগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Galsi Bus Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy