পুকুরে ডুবে মৃত্যু হল দক্ষিণেশ্বরের বাসিন্দা কৃষ্ণেন্দু রায়চৌধুরী (১৬) নামে এক পড়ুয়ার। শনিবার কাটোয়ার খাজুরডিহি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়া এ দিন সকালে কলকাতা থেকে মামার বাড়ির লোকজনের সঙ্গে খাজুরডিহির একটি আশ্রমে বেড়াতে আসে। কৃষ্ণেন্দুর মামাতো দিদি পৌষালি সেনশর্মা জানান, ভাই এ দিন দুপুরে আশ্রমের পাশে একটি পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। পরে গ্রামবাসীরা এসে কৃষ্ণেন্দুকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। কৃষ্ণেন্দু দক্ষিণেশ্বর কালাচাঁদ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।