E-Paper

হিন্দি-স্কুলে বাংলাকে আবশ্যিক করার দাবি বিজেপির জিতেন্দ্রর

জিতেন্দ্র বলেছেন, “অন্য ভাষায় কথা বলেন, এমন অনেকেই এই রাজ্যে দীর্ঘ দিন ধরে রয়েছেন। তাঁরা যাতে আরও বেশি করে এখানকার সংস্কৃতি বুঝতে এবং গ্রহণ করতে পারেন, সেই জন্যই এই পদক্ষেপ করা দরকার।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:১৭
জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারি। — ফাইল চিত্র।

ভোট-মরসুমে বিজেপিকে বাংলা ভাষা-বিরোধী বলে ধারাবাহিক ভাবে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল। একই সঙ্গে হিন্দি ভাষা-সংস্কৃতিকে জোর করে চাপিয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়েছিল। তবে রাজ্যে পালাবদলের পরে বিধানসভার প্রথম অধিবেশনে এ বার সেই বিজেপির-ই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সব হিন্দি-মাধ্যম স্কুলে বাংলা ভাষা-শিক্ষাকে আবশ্যিক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন।

সাম্প্রতিক সময়ের ‘ভাষা-রাজনীতি’র দিকে ইঙ্গিত করেই বিধানসভায় উল্লেখ-পর্বে জিতেন্দ্র বলেছেন, “গত কয়েক বছরে হিন্দি ও বাংলা ভাষাকে কেন্দ্র করে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে। ভাষা কখনও মানুষকে বিভক্ত করার মাধ্যম হতে পারে না। ভাষা সমাজকে এক জোট করা, পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য শক্তিশালী মাধ্যম। তাই নতুন প্রজন্মের কাছে ভাষাগত সম্প্রীতির বার্তা পৌঁছে দেওযা জরুরি।” তাঁর সংযোজন, “পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক পড়ুয়া হিন্দি-মাধ্যম স্কুলে পড়াশোনা করে। তাদের শিক্ষার মাধ্যম হিন্দি হলেও, রাজ্যের প্রধান ভাষা বাংলা সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।” এই সূত্রেই হিন্দি-মাধ্যম স্কুলে বাংলা আবশ্যিক করার দাবি তুলে জিতেন্দ্রর মতে, এমনটা হলে সবাই বাংলার সমাজ, সংস্কৃতিকে আরও ভাল ভাবে বুঝতে পারবেন। প্রতিটি হিন্দি-মাধ্যম স্কুলে অন্তত এক জন করে বাংলা ভাষার শিক্ষক নিয়োগেরও দাবি তুলেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র। তিনি যে জেলার বিধায়ক, সেই পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় হিন্দিভাষী প্রচুর মানুষ রয়েছেন এবং হিন্দি-মাধ্যম বহু স্কুলও রয়েছে।

তিনি কেন এই দাবি তুলেছেন, সেই সম্পর্কে পরে ব্যাখ্যাও দিয়েছেন বিধায়ক। জিতেন্দ্র বলেছেন, “অন্য ভাষায় কথা বলেন, এমন অনেকেই এই রাজ্যে দীর্ঘ দিন ধরে রয়েছেন। তাঁরা যাতে আরও বেশি করে এখানকার সংস্কৃতি বুঝতে এবং গ্রহণ করতে পারেন, সেই জন্যই এই পদক্ষেপ করা দরকার।” প্রসঙ্গত, এর আগে আসানসোল পুরসভার তৃণমূল কংগ্রেসের মেয়র থাকাকালীন জিতেন্দ্রর আমলে সাইন-বোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়েছিল। পাশাপাশি, ‘ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনোরিটি অ্যাসোসিয়েশনে’র তরফেও দীর্ঘ দিন ধরে জিতেন্দ্ররা বাংলা ভাষা-শিক্ষাকে সর্বত্র আবশ্যিক করার দাবি তুলছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jitendra Tiwari BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy