E-Paper

মুখ্যমন্ত্রী মুখে পিছিয়ে বিজেপি, মানছে সঙ্ঘই

আরএসএসের মতে, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ‘ফ্যাক্টর’কে বাদ দিলে পশ্চিমবঙ্গে ভোট টানার প্রশ্নে খুব একটি খারাপ পরিস্থিতিতে নেই বিজেপি। বিশেষ করে রাজ্যে গত পাঁচ বছরে দলের সাংগঠনিক শক্তি অনেকাংশেই বেড়েছে বলে মনে করে আরএসএস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৯:৩৮

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ওঁদের মতে, ক্ষেত্র অনেকটাই প্রস্তুত। রাজ্যে প্রচ্ছন্ন হাওয়া রয়েছে হিন্দুত্বের। ভোটে ভাল ফলের ব্যাপারে একাধিক পরিস্থিতি অনুকূল হলেও সমস্যা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। এই বিষয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস ধারে ও ভারে অনেকটাই এগিয়ে রয়েছে বলে মনে করছেন আরএসএস নেতৃত্বের একাংশ।

আরএসএসের মতে, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ‘ফ্যাক্টর’কে বাদ দিলে পশ্চিমবঙ্গে ভোট টানার প্রশ্নে খুব একটি খারাপ পরিস্থিতিতে নেই বিজেপি। বিশেষ করে রাজ্যে গত পাঁচ বছরে দলের সাংগঠনিক শক্তি অনেকাংশেই বেড়েছে বলে মনে করে আরএসএস। বুথ পর্যায়ে বিজেপি এখন আগের থেকে অনেকটাই শক্তিশালী। উপরন্তু রাজ্যে হিন্দুত্বের হাওয়া যথেষ্ট। গেরুয়া শিবিরের মতে, দেওয়ালে পিঠ গিয়েছে মনে করে হিন্দু সমাজের বড় অংশ ‘সংখ্যালঘু তোষণকারী’ তৃণমূলকে ক্ষমতা থেকে হটাতে মরিয়া। উপরন্তু ভোটার তালিকার নিবিড় সংশোধনের ফলে যে ভাবে সংখ্যালঘু ভোট বিবেচনাধীন তালিকায় ঢুকেছে, তা-ও বিজেপির পক্ষে আশাব্যঞ্জক। আরএসএস ও বিজেপির মধ্যে সমন্বয় রেখে রাজ্য জুড়ে প্রচারও ধীরে ধীরে গতি পেতে শুরু করেছে।

কিন্তু সমস্যা একটাই। তা হল বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন। দৌড়ে একাধিক ব্যক্তি থাকলেও আসন্ন নির্বাচনে দল পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে কারও নাম ঘোষণা করা হবে কি না, তা নিয়ে এখনও নীরব বিজেপি নেতৃত্ব। সূত্রের মতে, অধিকাংশ অন্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও কাউকে মুখ করে লড়াইয়ে নামার পক্ষপাতী নন কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। ভোটের সময়ে দলাদলি রুখতেই মূলত ওই নীতি নিয়ে থাকে দল। ব্যতিক্রম অবশ্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বা অসমে হিমন্ত বিশ্বশর্মা।

ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করারই সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। কিন্তু সেই কৌশল পশ্চিমবঙ্গে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে আরএসএস-এর একাংশের মধ্যে। তাঁদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির লড়াই তৃণমূলের সঙ্গে। সেই দলের মুখ্যমন্ত্রী মুখ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাবমূর্তির সঙ্গে টক্কর দেওয়ার মতো নেতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই, মানছেন বিজেপির কেন্দ্রীয় নেতারাই। আরএসএসের একাংশও মনে করছেন, দলের প্রধান সেনাপতি বাছার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থেকে লড়াইয়ে নামতে হচ্ছে বিজেপিকে। যোগ্য নেতার অভাবে নির্বাচনী যুদ্ধের মাঝপথে পথ হারানোর আশঙ্কা তাই থেকে যাচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Assembly Election

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy