নিট ইউজি-র পুনঃপরীক্ষার আগেই প্রবেশিকা বাতিল করার পক্ষে মতামত পেশ করল তামিলনাড়ু। নীতি আয়োগের বৈঠকে সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ ‘তলপতি’ বিজয় বলেন, “দ্বাদশে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেডিক্যালের স্নাতকে ভর্তি নেওয়া হোক। গ্রামীণ এলাকা এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট (নিট) দেওয়া সহজ নয়।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নীতি আয়োগের বৈঠকে যোগদান করেছিলেন বিজয়। বৈঠকে মুখ্যমন্ত্রী বিজয় জানান, মেডিক্যাল শাখায় স্নাতকে ভর্তির জন্য নিট ইউজি-র প্রস্তুতিতে যত খরচ হয়, তা রাজ্যের গ্রামীণ এলাকার, আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই এই রাজ্যের কোটায় এমবিবিএস, বিডিএস কিংবা আয়ুষ-এর মতো মেডিক্যাল শাখার বিষয়ে ভর্তির জন্য দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হোক। এতে পড়ুয়ারা উপকৃত হবেন।
আরও পড়ুন:
তিনি বৈঠকে এ-ও জানান, দেশের শক্তিবৃদ্ধির জন্য যুব শক্তির উত্থানের অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন। তাই রাজ্যের শিক্ষা, পড়ুয়াদের দক্ষতা এবং কর্মসংস্থান বৃদ্ধির উপর বেশি জোর দিতে চায় তামিলনাড়ু সরকার। সেই লক্ষ্যে রাজ্য সরকারের তরফে যুবক-যুবতীদের দক্ষতা এবং কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতির জন্য বিশেষ ইন্টার্নশিপ চালু করার প্রস্তাবনাও পেশ করা হয়েছে। তাতে তাঁরা কাজ শেখার সঙ্গে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ভাতাও পাবেন।