E-Paper

বাঙালি-প্রশ্নে বামের হাতিয়ার ‘বইয়ের হাট’

ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ) এবং অন্য বিভিন্ন প্রকাশনার নানা ধরনের ‘দুষ্প্রাপ্য বইয়ে’র পসরা সাজিয়ে তা ৫০% ছাড়ে বিক্রি করতে চলেছে বামেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৫:৫৪
এনবিএ -র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা।

এনবিএ -র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা। —নিজস্ব চিত্র।

ভিন্-রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ‘হেনস্থা’র ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘বাঙালি-আবেগ’ নিয়ে সুর সপ্তমে চড়েছে। এই প্রেক্ষিতে এ বার বইকে হাতিয়ার করে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে চাইছে বামেরা। ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ) এবং অন্য বিভিন্ন প্রকাশনার নানা ধরনের ‘দুষ্প্রাপ্য বইয়ে’র পসরা সাজিয়ে তা ৫০% ছাড়ে বিক্রি করতে চলেছে বামেরা। কলেজ স্ট্রিট, বিধাননগর, দুর্গাপুরে এনবিএ-র কাউন্টারে ২২ জুলাই থেকে ৪ অগস্ট চলবে এই বিশেষ ‘বইয়ের হাট’।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী শনিবার এনবিএ-র কলেজ স্ট্রিটের দফতর থেকে বলেন, “রাজ্যের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ভাষার গুরুত্ব প্রসঙ্গে বাড়তি পদক্ষেপ করা হচ্ছে। বাংলাভাষী দেখলেই বাংলাদেশি বলে হেনস্থা করার ঘটনা ঘটছে। স্কুলশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দুষ্প্রাপ্য, মতাদর্শগত, অনুবাদ সাহিত্য, দর্শন, অর্থনীতি-সহ বিভিন্ন বিষয়ের বইকে জ্ঞানচর্চার হাতিয়ার হিসেবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব।” এর পাশাপাশি, এনবিএ সূত্রে জানা গিয়েছে, হরেকৃষ্ণ কোঙার, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, ইরফান হাবিবের মতো ব্যক্তিত্বদের লেখাপত্র থেকে শিশু-কিশোর সাহিত্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বইও থাকবে বই-হাটে। জেলায় জেলায় বাংলা বইয়ের চর্চা বাড়াতে প্রচার চালানোর কথাও জানিয়েছেন বাম নেতৃত্ব।

এর সঙ্গেই বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্ব, ইতিহাস ও বিস্তারের কথাও বিশেষ ভাবে তুলে ধরেছেন বাম নেতৃত্ব। এই সূত্রেই সাম্প্রতিক বিভিন্ন ঘটনার সূত্রে সিপিএম নেতা সুজনের কটাক্ষ, “ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষের জীবন-জীবিকা সব বাংলাতেই। কিন্তু মুর্শিদাবাদের কোনও বাংলাভাষী মহারাষ্ট্রে গেলে তাঁর বাবা-ঠাকুরদার খোঁজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর ঠাকুরদার বা মুখ্যমন্ত্রী তাঁর শংসাপত্রের খোঁজ দিতে পারবেন?”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIM Left NBA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy