Advertisement
E-Paper

রাজ্যের ন’ধরনের শীর্ষপদে ২০ শতাংশ অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত, অনুমোদন মন্ত্রিসভার, নবান্নে জানালেন মমতা

নবান্নেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভা ন’টি ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’ বিভিন্ন পে-লেভেলে অতিরিক্ত ২০ শতাংশ পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারের ৪৬টি দফতরের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাশসনিক সূত্রে খবর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭
Cabinet approves creation of 20 per cent additional posts in nine state services, Chief Minister Mamata Banerjee said in Nabanna

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্য প্রশাসনে অভিজ্ঞ আধিকারিকদের উচ্চতর দায়িত্বে নিয়োগ নিশ্চিত করতে এবং বিভিন্ন ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’র মধ্যে সমতা আনতে পদক্ষেপ করল মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে সেই সংক্রান্ত বিষয়ে সিলমোহর দেওয়া হয়েছে। পরে নবান্নেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভা ন’টি ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’ বিভিন্ন পে-লেভেলে অতিরিক্ত ২০ শতাংশ পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারের ৪৬টি দফতরের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাশসনিক সূত্রে খবর।

সমাজমাধ্যমে দেওয়া মুখ্যমন্ত্রীর বিবৃতি অনুযায়ী, প্রশাসনের উচ্চস্তরে অভিজ্ঞ অফিসারদের যাতে নিয়োগ করা যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে। দীর্ঘ দিন ধরে আধিকারিকদের পদোন্নতিতে দেরি এবং বিভিন্ন পরিষেবার মধ্যে অসাম্যের অভিযোগ ছিল। এই সিদ্ধান্তের ফলে একই ধরনের দায়িত্বে থাকা বিভিন্ন পরিষেবার মধ্যে ভারসাম্য তৈরি হবে বলে মনে করছে নবান্ন। মুখ্যমন্ত্রী আরও জানান, শুধু ন’টি পরিষেবা নয়, অন্য স্টেট কনস্টিটিউটেড সার্ভিসগুলিতেও একই ভাবে অতিরিক্ত পদ সৃষ্টির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ফলে পর্যায়ক্রমে সমস্ত সংশ্লিষ্ট পরিষেবায় এই কাঠামোগত পরিবর্তন কার্যকর হতে পারে।

তিনি দাবি করেছেন, এই প্রথম বার সামগ্রিক ভাবে সমস্ত ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’র ক্যাডারসূচি একযোগে সংস্কার করা হল। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন তিনি। রাজ্য সরকারের মতে, অতিরিক্ত পদ সৃষ্টি হলে উচ্চস্তরে পদোন্নতির সুযোগ বাড়বে, অভিজ্ঞ আধিকারিকদের দায়িত্ব বণ্টন আরও কার্যকর হবে এবং প্রশাসনিক কাজে গতি আসবে। দীর্ঘ দিন ধরে একই পদে থেকে যাওয়ার প্রবণতা কমবে এবং কর্মীদের মধ্যে উৎসাহও বাড়বে বলে মনে করা হচ্ছে। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডবলুবিসিএস অফিসারেরা দু’বছর প্রবেশনে থাকবেন, তিন বছর সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) পদে কাজ করার পর মহকুমাশাসক (এসডিও) হবেন।

পশ্চিমবঙ্গে ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিস’ বলতে রাজ্য সরকারের অধীনস্থ সংবিধিবদ্ধ (ক্যাডারভিত্তিক) পরিষেবাগুলিকে বোঝানো হয়। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ক্ষেত্রে মহকুমাশাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকদের বোঝানো হয়। এ ছাড়া আরও আট ধরনের পদ রয়েছে এই তালিকায়। সেই পদগুলি হল সিভিল জজ (জুনিয়র/ সিনিয়র ডিভিশন)-সহ একাধিক বিচার বিভাগীয় পদ, ডিএসপি/ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যায়ের পুলিশ আধিকারিক, রাজ্যের আর্থিক নিরীক্ষা ও হিসাবরক্ষণ সংক্রান্ত পরিষেবা, রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রাজস্ব দফতর, সমবায় দফতরের বিভিন্ন প্রশাসনিক পদ, শ্রম দফতরের আধিকারিক, খাদ্য ও সরবরাহ দফতরের শীর্ষ আধিকারিক, কর্মসংস্থান দফতরের শীর্ষ আধিকারিকদের পদ। প্রশাসনিক মহলের একাংশের মতে, দীর্ঘ দিন ধরেই রাজ্যের শীর্ষ আমলামহল থেকে এই দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছিল। ঠিক বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে আসলে রাজ্যের শীর্ষ আধিকারিক মহলকে খুশি করতে চাইলেন।

CM Mamata Banerjee Nabanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy