Advertisement
E-Paper

কণ্ঠস্বর মামলায় অভিষেকের আর্জি আবার খারিজ হাই কোর্টে! মঙ্গলবারের আগে কিছু শুনবেন না, জানিয়ে দিলেন বিচারপতি

বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে ‘ডিজে’ বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের মামলার তদন্ত করছে সিআইডি। তারা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১১:১০
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেল কলকাতা হাই কোর্টে। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন নিয়ে শুক্রবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে, মঙ্গলবারের আগে কোনও আবেদন শোনা হবে না। ওই দিন ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে অভিষেককে।

বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে ‘ডিজে’ বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সেই মামলার তদন্ত করছে। তারা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। সেই মতো বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। আদালত অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই হাই কোর্টে যান ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর বক্তব্য, ওই কণ্ঠস্বর যে তাঁরই, সে কথা তিনি অস্বীকার করেননি। তা হলে কেন নমুনা সংগ্রহ করতে হবে?

বিধাননগর আদালত ৩০ জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই দিন আদালতে যাননি অভিষেক। কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি ঘোষ জানিয়ে দেন, তদন্তে কী প্রয়োজন হবে, কী নয়, তা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত। মূল মামলা যেখানে বিচারাধীন, সেখানেই অভিষেকের আবেদনের শুনানি হতে পারে, জানিয়েছিলেন বিচারপতি ঘোষ।

অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন ভট্টাচার্য এর পর বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের বক্তব্য, ইতিমধ্যে আগের বেঞ্চ এখানে শুনানির কথা জানিয়েছে। এই মামলার দ্রুত শুনানি হওয়া প্রয়োজন। কিন্তু বিচারপতি ভট্টাচার্য জানান, মঙ্গলবারের আগে কোনও আবেদন তিনি শুনবেন না। মঙ্গলবার নতুন করে অভিষেককে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তার পর দ্রুত শুনানি নিয়ে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, আগামী বুধবার ৮ জুলাই বিধাননগর আদালতে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা সিআইডি-র। তার আগে মঙ্গলবার হাই কোর্টে এই মামলার শুনানি হতে পারে।

Calcutta High Court Abhishek Banerjee TMC CID

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy