Advertisement
E-Paper

Cattle smuggling case: সুকন্যার নামেও প্রচুর সম্পত্তি! গরুপাচার মামলায় সিবিআইয়ের নজরে অনুব্রত-কন্যা

অনুব্রতের দেওয়া সম্পত্তির হিসাব ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, তাঁর মেয়ে সুকন্যার নামেও বেশ কিছু সম্পত্তি কেনা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৭:৩৪
অনুব্রতের মেয়েকেও কি জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছেন তদন্তকারীরা?

অনুব্রতের মেয়েকেও কি জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছেন তদন্তকারীরা?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র নজরে এ বার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও। এর আগে গরুপাচার মামলায় ডেকে পাঠানো হয়েছিল অনুব্রতকে। তার পরেই সিবিআইকে নিজের সম্পত্তির হিসাব দিয়েছেন তিনি। সিবিআই সূত্রে খবর, সেই হিসাব খতিয়ে দেখার পরেই উঠে এসেছে অনুব্রত-কন্যার নাম। যদিও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, বা হলেও কবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

গরুপাচার মামলায় সম্প্রতি বেশ কয়েক বার অনুব্রতকে তলব করেছে সিবিআই। তৃণমূলের ওই নেতাকে জিজ্ঞাসাবাদের পর তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পত্তির হিসাব চেয়েছিলেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, অনুব্রতের দেওয়া সম্পত্তির হিসাব ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, তাঁর মেয়ে সুকন্যার নামেও বেশ কিছু সম্পত্তি কেনা হয়েছিল। তার মধ্যে বেশ কিছু সম্পত্তি কেনা হয় ২০১৪ সালে। এ ছাড়া সিবিআইয়ের ওই সূত্রটি জানিয়েছে, সম্পত্তির হিসাব সংক্রান্ত যে সব নথি দেওয়া হয়েছিল, তার বাইরেও প্রচুর সম্পত্তি রয়েছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতির।

অনুব্রতকে তলব করার পাশাপাশি তাঁর চার দেহরক্ষীকেও গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন অনুব্রতের সর্বক্ষণের সঙ্গী, মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা সেহগান হোসেন। সিবিআই সূত্রের দাবি, গরু পাচারের টাকার লেনদেন সংক্রান্ত কারবারে অনুব্রতের চার দেহরক্ষী ছাড়াও আরও বেশ কয়েক জন জড়িয়ে আছেন। তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। যিনি এলাকায় অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত। এ ছাড়াও রয়েছেন সিউড়ি থানার এক পুলিশ আধিকারিক এবং বীরভূমের এক পাথর ব্যবসায়ী।

যদিও বাকিদের সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি। কবে এঁদের তলব করা হতে পারে, সে ব্যাপারেও কিছু জানাতে পারেনি সিবিআইয়ের ওই সূত্রটি।

Anubrata Mandal CBI Cow Smuggle Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy