Advertisement
E-Paper

কুন্তল ঘোষের ‘বিতর্কিত’ চিঠির তদন্তে প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব সিবিআইয়ের, হাজিরা কবে?

নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের চিঠি মামলায় আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রেসিডেন্সি জেলের সুপারকে। এ বার জেলের চিকিৎসককে তলব করা হল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১০:৫১
কুন্তল ঘোষ (বাঁ দিকে)। প্রেসিডেন্সি সংশোধনাগার (ডান দিকে)।

কুন্তল ঘোষ (বাঁ দিকে)। প্রেসিডেন্সি সংশোধনাগার (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ‘বিতর্কিত’ চিঠি মামলায় এ বার প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসককে তলব করল সিবিআই। আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে (যেখানে সিবিআইয়ের দফতর রয়েছে) হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, কুন্তলের চিকিৎসা এবং হাসপাতালে সুবিধা পাইয়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হতে পারে। এর আগে, এই বিষয়ে প্রেসিডেন্সি জেলের সুপারকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ২৯ মার্চ ধর্মতলায় শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর পরই রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান কলকাতার হেস্টিংস থানাতেও। তার পর কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, প্রয়োজনে সিবিআই বা ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই একই নির্দেশ বহাল রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহও। তার পরেই অভিষেককে গত ২০ মে ডেকেছিল সিবিআই। সে দিন সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। তার পর এই তদন্তে তৃণমূল নেতাকে তলব করে ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি।

চিঠিকে কেন্দ্র করে বিতর্কে গত ৯ জুন প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করেছিল সিবিআই। তাঁকে প্রায় ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বলেছিলেন, ‘‘গোটা বিষয়টি বিচারাধীন। আদালতের নির্দেশ ছাড়া মন্তব্য করা ঠিক নয়।’’

Kuntal Ghosh CBI Recruitment Scam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy