Advertisement
E-Paper

এক বছরের মধ্যে সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণ করব! উন্নয়নের কাজে অগ্রাধিকার উত্তরবঙ্গকে! শিলিগুড়িতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ধারাবাহিক ভাবে ভাল ফল করে এসেছে বিজেপি। এই অবস্থায় বিজেপির সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্তরবঙ্গ সফরের দিকে নজর রয়েছে সকলের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৪:০৯
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি এক বছরের মধ্যে পূরণ করবে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বার উত্তরবঙ্গ সফরে গিয়ে সেই কথা ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এ-ও জানিয়ে দিলেন, তাঁর সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে উত্তরবঙ্গ।

পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ধারাবাহিক ভাবে ভাল ফল করে এসেছে বিজেপি। এই অবস্থায় বিজেপির সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্তরবঙ্গ সফরের দিকে নজর রয়েছে সকলের। বুধবার উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক রয়েছে শুভেন্দুর। তার আগে শিলিগুড়িতে এক দলীয় কার্যালয়ে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, “আমরা সংকল্পপত্রে যা যা বলেছি, সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে, আগামী তিন মাস, ছ’মাস, এক বছরের মধ্যে আমরা মানুষের কাছে দেওয়া কথা পূরণ করব।”

শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির সরকার যে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে, তা-ও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বিগত নির্বাচনগুলিতে উত্তরবঙ্গ থেকে বিজেপির সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে।” এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী জুলাই মাসে তিনি ফের উত্তরবঙ্গ সফরে যাবেন। তার আগে বিজেপির কর্মীরা রাজ্য সরকারকে যা যা প্রস্তাব দিতে চান, তা নথিভুক্ত করে রাখার পরামর্শ দেন তিনি। জুলাই মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি ওই প্রস্তাবগুলি সংগ্রহ করবেন। তার মধ্যে যেগুলি সরকারের পক্ষে করা সম্ভব, সেগুলি দ্রুততার সঙ্গে করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

বিজেপি কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রীর জন্য কোনও পরামর্শ থাকলে আমাদের পার্টির কর্মীরা তা জেলা সভাপতিদের কাছে হোয়াট্‌সঅ্যাপে ফরওয়ার্ড করবেন। নীচে (মোবাইল) নম্বরটি লিখে দেবেন। তাঁরা (জেলা সভাপতিরা) আমাকে পাঠিয়ে দেবেন। আমি এটা চালু করে দিয়ে গেলাম।” মুখ্যমন্ত্রীর কথায়, তাঁর সরকারের আমলে কোনও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হবে না। রাজ্যে প্রকৃত অর্থেই সার্বিক পরিবর্তন আসবে বলে আশ্বস্ত করেন তিনি। শুভেন্দু বলেন, “আমরা চাই শুধু ঝান্ডা, দল, পথ, ব্যক্তির পরিবর্তন নয়। আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। ইতিমধ্যে দু’সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি, সিন্ডিকেট-রাজ, মাফিয়াগিরি থাকবে না। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন।”

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে বক্তৃতার সময়ে রাজ্যের পূর্বতন সরকারকেও নিশানা করেন শুভেন্দু। তৃণমূল আমলের পূর্বতন সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস করেছে বিগত দিনে। পাহাড়ে জনগোষ্ঠীকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে।” তবে বিজেপির নতুন সরকার সাধারণ জনতার প্রত্যাশা পূরণ করবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy