Advertisement
E-Paper

ধরা পড়ছে আরও ‘লক্ষ্মী’-ছেলে, জালিয়াতি ঠেকাতেই অন্নপূর্ণার ফর্মে ‘বাড়াবাড়ি’! শুভেন্দু আশ্বস্ত করলেন বৈধ ভাতাপ্রাপকদের

কেন সরকার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে, তার ব্যাখ্যাও দেন শুভেন্দু। উল্লেখ করেন রাকিবুল শেখের কথা। দিনকয়েক আগে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের বাসিন্দা এই রাকিবুলের কথা বলেছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৫:৫৪
Chief Minister Suvendu Adhikari clears confusion about Annapurna Bhandar

অন্নপূর্ণা যোজনার ফর্মফিলাপ নিয়ে বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পাতার পর পাতা পূরণ করতে হচ্ছে ভোক্তাদের। এ নিয়ে ইতিমধ্যেই অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ এ প্রশ্নও তুলছেন, কেন এত ব্যক্তিগত তথ্য দিতে হবে? সেই সব ‘বিভ্রান্তি’ দূর করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারে অনেক জালিয়াতি হয়েছে। ইতিমধ্যেই ২২টি ক্ষেত্রে দেখা গিয়েছে, পুরুষেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। সেই সংখ্যা আরও বাড়বে। আর তা আটকাতেই অন্নপূর্ণা যোজনায় এত কড়াকড়ি।’’ তার পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চিন্তা নেই। বৈধ সব ভোক্তাই টাকা পাবেন।’’

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান, বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। তিনি বলেন, ‘‘গত দু’-তিন ধরে অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার যাঁরা চালিয়েছিলেন, এখন তাঁরা নিজেরাই ফর্ম ফিল আপের জন্য এগিয়ে এসেছেন। আমরা এর আগে অফলাইনে চালু করেছিলাম। আজ থেকে অনলাইনেও চালু হয়ে গিয়েছে। ২০ জন আধিকারিক জেলায় জেলায় গিয়ে এই কাজ নজরদারি করছেন। আমরা আশা করছি, বুধবার বড় সংখ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করব।’’

কেন সরকার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে, তার ব্যাখ্যাও দেন শুভেন্দু। উল্লেখ করেন, রাকিবুল শেখের কথা। দিন কয়েক আগে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের বাসিন্দা এই রাকিবুলের কথা বলেছিলেন তিনি। অভিযোগ করেন, রাকিবুল দীর্ঘ দিন ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। কী ভাবে একজন পুরুষ হয়ে এই সুবিধা পান রাকিবুল, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার পরেই পুলিশ রাজ্য জুড়ে এমন ‘লক্ষ্মী-ছেলে’র খোঁজ শুরু করে। মেলে আরও কয়েক জনের হদিস। সোমবার শুভেন্দু সেই সব উদাহরণ তুলে বলেন, ‘‘এটা অনেক বড় সংখ্যা হবে। পুলিশকে তদন্তের গতি আরও বাড়াতে বলেছি। এই সংখ্যাটা কত হবে আমি জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পেতেনই, তা ছাড়া হাজার হাজার তৃণমূল নেতা মহিলা না-হয়েও লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছিলেন। যাঁরা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুট করছেন, তাঁদের কাউকে ছাড়ব না। আমি ডিজিপি-কে বলেছি সিট গঠন করতে।’’ শুভেন্দুর কথায়, ‘‘আমরা হিসাব করে দেখেছি, ভুয়ো ভাবে অন্তত ৩০ লক্ষ টাকা তোলা হচ্ছিল। আইনের মাধ্যমে একে বারে তৃণমূল স্তর থেকে এই দুর্নীতি রোধ করব।’’

রাজ্যবাসীর উদ্দেশে শুভেন্দুর আহ্বান, ‘‘২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, এখানে সরকার বছরে ৩৬ হাজার টাকা দেবে! যাচাই করবে না। একটু সহযোগিতা করুন।’’

Annapurna Bhandar Scheme
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy