E-Paper

নাম ভাঁড়িয়ে মুম্বইয়ে, তরুণীকে পাচারের ‘চেষ্টা’য় ধৃত

সিআইডি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ওই তরুণীকে গত ডিসেম্বর মাসে স্বরূপনগর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করিয়ে পাচার করা হচ্ছিল মুম্বইয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৮:০৮

— প্রতীকী চিত্র।

এক বাংলাদেশি তরুণীকে পাচারের চেষ্টার অভিযোগে মুম্বই থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম মোস্তাকিন ধাবক। মঙ্গলবার রাতে তাকে নবি মুম্বইয়ের তালোজা থানা এলাকা থেকে ধরা হয়। ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে এই রাজ্যে নিয়ে আসা হচ্ছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা ওই তরুণীকে গত ডিসেম্বর মাসে স্বরূপনগর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করিয়ে পাচার করা হচ্ছিল মুম্বইয়ে। তার আগেই তদন্তকারীরা হাওড়া স্টেশন থেকে তরুণীকে উদ্ধার করেন। গ্রেফতার করা হয় ইমরান ধাবক এবং বাবলু গাজি নামে দুই অভিযুক্তকে। এদের মধ্যে ইমরান ধৃত মোস্তাকিনের ভাই। গোয়েন্দাদের দাবি, স্বরূপনগর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ওই তরুণীকে নিয়ে এসেছিল মোস্তাকিন এবং ইমরান। সেখান থেকে বাবলুর তাঁকে মুম্বই নিয়ে যাওয়ার কথা ছিল।

তদন্তকারীরা জানান, মোস্তাকিন মুম্বইয়ে পালিয়ে গিয়ে নির্মাণকাজের সঙ্গে যুক্ত হয়। পুলিশের চোখ ফাঁকি দিতে রাজ নাম নিয়ে কাজ শুরু করেছিল সে। থাকছিল স্থানীয় শ্রমিকদের সঙ্গে। বিশেষ সূত্র মারফত সেই খবর পেয়ে সেখানে হানা দেন সিআইডি-র গোয়েন্দারা। মোস্তাকিনের বিরুদ্ধে আদালতও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

এক তদন্তকারী আধিকারিক জানান, ধৃতেরা আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত। বাংলাদেশ থেকে তরুণীদের নিয়ে এসে মুম্বই, বেঙ্গালুরুর মতো জায়গায় পাচার করত তারা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bangladeshi Girl Girl Trafficker CID

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy