Advertisement
E-Paper

করোনা টিকাকরণে গতি আনতে নতুন উদ্যোগ, বৃহস্পতিবার বণিক মহলের সঙ্গে বৈঠক মমতার

ভ্যাকসিন নীতি নিয়ে এবার বণিক মহলের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২১ ২০:০৮
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব চিত্র

করোনা টিকাকরণে বেসরকারি সংস্থাকে পাশে নিতে বৃহস্পতিবার বণিক মহলের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পক্ষে বুধবারই আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন বণিকসভার প্রতিনিধিদের। নবান্ন জানিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বণিক মহলের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। রাজ্যের সব মানুষকে টিকা দেওয়ার যে কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে তাতে ব্যবসায়ীদের অংশ নিতে আহ্বান জানাবেন মমতা। উল্লেখ্য, তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে বণিক মহলের সঙ্গে এটাই প্রথম বৈঠক মমতার।

নবান্নের এক কর্তা জানিয়েছেন, বিভিন্ন সংস্থা যাতে তাদের কর্মীদের টিকাকরণের দায়িত্ব নেয় সেই প্রস্তাব বণিকসভার প্রতিনিধিদের দিতে পারেন মমতা। শুধু কর্মীদেরই নয়, তাঁদের পরিবারের সদস্যদেরও যাতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়, তা নিয়েও আলোচনা হতে পারে বৃহস্পতিবারের বৈঠকে। বৈঠকে থাকার কথা মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা-সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। প্রসঙ্গত, ১৮ বছরের বেশি বয়সের রাজ্যবাসীদের সকলকে টিকা দেওয়ার নীতি নিয়েছে সরকার। সেই পরিকল্পনা সফল করতে বেসরকারি সংস্থাও যাতে এগিয়ে আসে তা চাইছে সরকার। এর ফলে একদিকে যেমন টিকাকরণ কর্মসূচি গতি পাবে, তেমনই সরকারের আর্থিক দায়ও কমবে।

Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy