Advertisement
E-Paper

অভিষেকের সেবাশ্রয়-অনিয়মের তদন্ত হবে! এফআইআর দায়েরের দিনই বিষ্ণুপুরে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সেখানেই তাঁকে সেবাশ্রয় সংক্রান্ত প্রশ্ন করা হলে তদন্তের কথা জানিয়ে দেন। এ বিষয়ে ‘সেবাশ্রয়’ আয়োজক অথবা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের কোনও প্রক্রিয়া মেলেনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২২:২৯
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার লোকসভার অধীন বিষ্ণুপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের হাসপাতালের একটি ইউনিটের উদ্বোধন করতে যান তিনি। সেখানেই তাঁকে সেবাশ্রয় সংক্রান্ত প্রশ্ন করা হলে তদন্তের কথা জানিয়ে দেন। এ বিষয়ে ‘সেবাশ্রয়’ আয়োজক অথবা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের কোনও প্রক্রিয়া মেলেনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অভিযোগ যখন এসেছে, তখন পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে।’’ পরে তিনি আরও বলেন, ‘‘অভিযোগ এসেছে। আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন। জেলাশাসক এবং স্বাস্থ্য দফতরের যা সাহায্য লাগবে, তা করা হবে। ইটস আ ক্রাইম। আর ক্রাইম হলে ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে।’’

প্রসঙ্গত, বুধবার ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে অনিয়মের অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবারের সাংসদের ‘সেবাশ্রয়’ নিয়ে একাধিক অনিয়ম এবং বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুর থানায়। অভিজিতের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত হোক। আর মুখ্যমন্ত্রী সন্ধ্যায় সেই থানা এলাকায় হাজির হয়ে তদন্তের আশ্বাস দিয়ে গেলেন।

উল্লেখ্য, বিজেপি নেতা অভিজিৎ দাবি করেছেন, ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে আলট্রাসনোগ্রাফি, পোর্টেবল এক্সরে-সহ একাধিক আধুনিক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইন এবং সরকারি বিধি লঙ্ঘন করা হয়েছে। শুধু তা-ই নয়, ওই স্বাস্থ্যশিবিরের চিকিৎসাপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ।

বিজেপি নেতার দাবি, অযোগ্যদের দিয়ে চিকিৎসা করানো হত ‘সেবাশ্রয়ে’। অভিযোগ, ওই শিবিরে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়া হত। এ ছাড়াও, স্বাস্থ্যশিবির পরিচালনার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিজিৎ। তাঁর দাবি, ওই স্বাস্থ্যশিবিরে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি ছিল। এ ছাড়াও, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অপরাধমূলক ষড়যন্ত্রের কথাও রয়েছে অভিজিতের অভিযোগপত্রে। তাঁর আরও দাবি, সরকারি প্রচারপত্র, কনসালটেশন শিট, রেফারেল স্লিপ, ছবি, ভিডিয়ো যাচাই করে এবং সরেজমিনে খতিয়ে দেখার পরই অভিযোগ করা হয়েছে।

Suvendu Adhikari Abhishek Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy