Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্ত বেড়ে সাড়ে ৭০০ পার, কলকাতায় প্রায় দেড়শো

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শুধুমাত্র কলকাতার আরও ১৪৯ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এ ছাড়া, উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১২৪ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ২১:২৮

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে করোনায় নতুন আক্রান্ত ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ৭০০-র গণ্ডি পার করল। কলকাতায় দৈনিক আক্রান্ত প্রায় দেড়শো। অন্য দিকে, উত্তর ২৪ পরগনা জেলায় তা ফের শতাধিক হয়েছে। টিকাকরণের দৈনিক সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৬ লক্ষের কাছাকাছি পৌঁছেছে।

শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬১ জন। তার মধ্যে শুধুমাত্র কলকাতার আরও ১৪৯ জন বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এ ছাড়া, উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১২৪ জন। সেই সঙ্গে, হুগলিতে ৬৭, হাওড়ায় ৬৪, দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ এবং নদিয়ায় ৫৪ জন বাসিন্দা সংক্রমিত হয়েছেন। পাশাপাশি, রাজ্যের প্রায় সব জেলায় কমবেশি সংক্রমণ ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৭০ হাজার ৫৩৯ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৮০।

গত ২৪ ঘণ্টায় ৯ জন কোভিড রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং নদিয়ায় ২ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। এ ছাড়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং হুগলিতে ১ জন করে সংক্রমিত মারা গিয়েছেন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন মোট ১৮ হাজার ৮১৫ জন।

দৈনিক টিকাকরণের সংখ্যা আগের দিনের থেকে বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শনিবার সকালে মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় রাজ্যের ৬ লক্ষ ৪১ হাজার ৫১০ জনকে টিকা দেওয়া হয়েছে। এ ছাড়া, স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৪২ হাজার ২৭টি। সংক্রমণ বাড়লেও এর দৈনিক হার কমে হয়েছে ১.৬৮ শতাংশ।

Coronavirus COVID-19 COVID-19 Deaths Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy