Advertisement
E-Paper

ঘুমের মহৌষধ লুকিয়ে সূর্যাস্তে! বিনিদ্র নয়নে আরামের ঘুম আনতে কী করতে হবে সূর্য ডোবার সময়ে?

ঘুমনোর জন্য ওষুধের পেছনে না ছুটে কিছু বিজ্ঞান সম্মত প্রাকৃতিক উপায়ও অনুসরণ করা যেতে পারে। আর তেমনই এক উপায় হল ‘সানসেট থেরাপি’। যেখানে সূর্যাস্তের আলোই হবে ভাল ঘুমের মহৌষধ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১২:২৫
সূর্যাস্তেই ঘুমের ওষুধ!

সূর্যাস্তেই ঘুমের ওষুধ! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সূর্য ডোবার পালায় ‘ঘুম’ আসে যদি আসুক, বেশ তো! ব্যাপারটা কিন্তু আক্ষরিক অর্থেই সে রকম। সূর্যাস্তেই সূচনা হবে ভাল ঘুমের! কিন্তু কী ভাবে?

ব্যস্ত জীবনযাত্রা, নানা রকমের উদ্বেগ-মানসিক চাপ আর ল্যাপটপ-স্মার্টফোনের ব্লু লাইটের দৌরাত্ম্যে যখন ‘ইনসমনিয়া’ বা অনিদ্রা প্রায় গোটা দুনিয়ার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তখন ঘুমোনোর জন্য ওষুধের পিছনে না ছুটে কিছু বিজ্ঞানসম্মত প্রাকৃতিক উপায়ও অনুসরণ করা যেতে পারে। আর তেমনই এক উপায় হল ‘সানসেট থেরাপি’। যেখানে সূর্যাস্তের আলোই হবে ভাল ঘুমের মহৌষধ।

সানসেট থেরাপি আসলে কী?

মানবদেহের ভিতরে যে প্রাকৃতিক ঘড়ি রয়েছে, তাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এ ঘড়ি মূলত আলোয় ভর করে চলে। সানসেট থেরাপিতে সেই আলোর সাহায্য নিয়েই দেহকে ঘুমের জন্য প্রস্তুত করার কথা বলা হয়। এই পদ্ধতিতে প্রতি দিন বিকেল বা সন্ধ্যায় সূর্যাস্তের মৃদু, লালচে-কমলা আলো গায়ে লাগাতে হবে। খালি চোখে আকাশের দিকে তাকিয়ে দেখতে হবে সেই আলো। তবে সূর্যের দিকে সরাসরি না তাকানোই ভাল। তাতে চোখের ক্ষতি হতে পারে।

চোখ যখন অস্তগামী সূর্য বা সূর্যাস্তের আলো দেখবে, তখন মস্তিষ্কে সঙ্কেত যাবে যে, দিনটা শেষ হয়ে আসছে। এতে শরীরে দিনের বেলার যে হরমোন, ‘কর্টিসল’, উৎপাদন হতে থাকে, তার মাত্রা কমতে শুরু করবে। যা মানসিক চাপ কমাতে এবং রাতে ভাল ঘুমের জন্য অত্যন্ত জরুরি। সেই সঙ্গে চোখ থেকে সঙ্কেত পেয়ে মস্তিষ্ক রাতের ঘুমের জন্য দরকারি হরমোন ‘মেলাটোনিন’ তৈরি করাও শুরু করবে অনেক আগে থেকেই। উভয় ক্ষেত্রেই ঘুমের অনুকূল অবস্থা তৈরির কাজ শুরু করবে শরীর।

কেন এতে কাজ হতে পারে?

১। নানা কাজের মধ্যে শরীরের স্নায়ুতন্ত্র সব সময় অতিসচেতন হয়ে থাকে। এই প্রক্রিয়া স্নায়ুর সেই টানটান ভাব শিথিল করে গভীর ঘুমের অনুকূল পরিবেশ তৈরি করে। যা ঘুমোতে সাহায্য করে।

২। সূর্যাস্তের দৃশ্য রক্তচাপ কমায় এবং সারা দিনের মানসিক ক্লান্তি ও উদ্বেগ দূর করে। ভাল ঘুমের জন্য মন হালকা হওয়াও জরুরি।

৩। সূর্যাস্ত দেখার জন্য হলেও কিছু ক্ষণ মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের ক্ষতিকর ব্লু লাইট থেকে দূরে থাকবে চোখ।

কী ভাবে কাজে লাগাবেন?

প্রতি দিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট সূর্যাস্তের আলোয় সময় কাটান। এই থেরাপির পূর্ণ সুফল পেতে সূর্যাস্তের পর যেখানে কাজ করছেন বা যে ঘরে রয়েছেন, সম্ভব হলে সেখানকার কৃত্রিম আলো কমিয়ে রাখুন। ঘুমোনোর অন্তত এক ঘণ্টা আগে ফোন-ল্যাপটপের ব্যবহারও বন্ধ রাখুন।

Prevention of Insomnia Insomnia Sleeping Tips Sleep Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy