Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: ২০ হাজারের নীচে নামল রাজ্যে কোভিড পরীক্ষা, সংক্রমণের হার আরও বেড়ে ছাড়াল ২.৫%

রাজ্যের বুলেটিনে কোনও উল্লেখ না থাকলেও কেন্দ্রের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, বাংলায় এখনও পর্যন্ত ছ’জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ২২:২৫
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

সাত দিন পর আবার ২০ হাজারের নীচে নামল রাজ্যে কোভিড পরীক্ষা। সোমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে নামলেও দৈনিক সংক্রমণের হার গত তিন দিন ধরে বাড়তে বাড়তে ছুঁল ২.৫২ শতাংশ। কলকাতাতেও নতুন আক্রান্তের সংখ্যা ২০০-র উপরেই রয়েছে। রাজ্যে দৈনিক কোভিডে মৃত্যুও এক লাফে অনেকটা বাড়ল।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩৯ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৪ জন। জেলাভিত্তিক তালিকায় দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এর পরেই রয়েছে হাওড়া ও হুগলি। ওই দুই জেলাতেই ২৬ জন করে আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন সংক্রমিত ২৮ জন।

রাজ্যের বুলেটিনে কোনও উল্লেখ না থাকলেও কেন্দ্রের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, বাংলায় এখনও পর্যন্ত ছ’জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে।

গত পাঁচ দিন ধরে রাজ্যে দৈনিক কোভিডে মৃত্যু এক অঙ্কেই ছিল। শেষ ২৪ ঘণ্টায় মারা গেলেন ১০ জন রোগী। এর মধ্যে হুগলি ও উত্তর ২৪ পরগনায় তিন জন করে রোগীর মৃত্যু হয়েছে। কলকাতায় মৃত এক। এখনও পর্যন্ত রাজ্যে কোভি়ডে মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৭২৬ জনের। সংক্রমণমুক্ত হয়েছেন ৪৪৬ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার আবার বেড়ে হল ২.৫২ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৪০৪ জনের। প্রসঙ্গত, কোভিড পরীক্ষার কত শতাংশ পজিটিভ, তা বোঝা যায় সংক্রমণের হার থেকে। এ ক্ষেত্রে উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছিল ১৬ হাজার ৮২৯ জনের। ওই দিন রাজ্যে সংক্রমণের হার ছুঁয়েছিল ৩.৩৬ শতাংশ। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমে হল ৭ হাজার ৪৩৩। মহানগরীতে আরও বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। বেড়ে দাঁড়াল দু’হাজার ৫২৮।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৪২ হাজার ১২৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তি ১০ কোটি ২৩ লক্ষ ২৭ হাজার ৭৫৮।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy