Advertisement
E-Paper

লকডাউনে ৮২ কিমি হেঁটে বাড়ি

সাঁওতালডিহি থানার উসিড় গ্রামের বাসিন্দা ওই ১৭ যুবক রাঁচীতে নির্মাণ শিল্পে শ্রমিকের কাজ করতেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ০৪:০৫
ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

‘লকডাউন’-এর জেরে বন্ধ বাস-ট্রেন। অগত্যা হেঁটেই বাড়ি ফিরবেন বলে মঙ্গলবার ঝাড়খণ্ডের রাঁচী থেকে রওনা দেন পুরুলিয়ার সাঁওতালডিহির বাসিন্দা ১৭ জন শ্রমিক। তাঁদের দাবি, ৮২ কিলোমিটার হেঁটে তাঁরা বুধবার ঝালদা পৌঁছন। পরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই শ্রমিকদের অ্যাম্বুল্যান্সে চাপিয়ে বাড়ি পোঁছে দেয়।

সাঁওতালডিহি থানার উসিড় গ্রামের বাসিন্দা ওই ১৭ যুবক রাঁচীতে নির্মাণ শিল্পে শ্রমিকের কাজ করতেন। থাকতেন রাঁচীর করমটোলিতে। তাঁদের মধ্যে কৃত্তিবাস মাহাতো বলেন, ‘‘এ ভাবে আটকে পড়তে হবে, গত রবিবারও ভাবিনি।’’ তাঁর সংযোজন, ‘‘রবিবারই বাড়ি ফেরার ঠিক ছিল। কিন্তু সোমবার থেকেই সব বন্ধ।’’

কৃত্তিবাসের সঙ্গী স্বরূপ দাস, পরীক্ষিৎ রাজোয়াড়দের দাবি, মঙ্গলবার দুপুরে রওনা দিয়ে সারা রাত হেঁটে এ দিন তাঁরা ঝালদা পৌঁছন। বেলায় তাঁদের দেখেন কিছু সিভিক ভলান্টিয়ার। পুলিশকে জানালে তারা ঝালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে।

ওই সংস্থার সভাপতি মহেন্দ্রকুমার রুংটা বলেন, ‘‘পুলিশ জানায়, ১৭ জন রাঁচী থেকে হেঁটে ফিরছেন। খাবার খাইয়ে সংস্থার দু’টি অ্যাম্বুল্যান্সে ওঁদের বাড়ি পৌঁছে দেয়।’’ অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, ‘‘স্বাস্থ্য পরীক্ষার পরে, ওই শ্রমিকদের হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে।’’

Coronavirus Lockdown
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy