এসআইআর আবহে রাজ্যে ফের দুই মৃত্যু। ফলে, রাজনৈতিক তরজাও অব্যাহত।
দু’দিন ধরে চেষ্টা চললেও, হুগলির ধনেখালির সোমসপুরের বিষ খাওয়া আশা সোরেনকে (২৮) বাঁচানো গেল না। সোমবার দুপুরে এসএসকেএম হাসপাতালে তিনি মারা যান। এসআইআর-আতঙ্কেই ছ’বছরের মেয়েকে শনিবার বিষ খাইয়ে আশা নিজেও খান বলে দাবি তাঁর পরিজন এবং তৃণমূলের। বাড়ির লোকেরা জানান, শিশুটি ওই হাসপাতালেই আইসিইউ-তে রয়েছে। সে বিপন্মুক্ত নয়। একই আতঙ্কে এ দিন নদিয়াতেও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি।
শ্বশুরবাড়িতে অশান্তির কারণে পাঁচ বছর ধরে মেয়েকে নিয়ে ধনেখালিতে বাপেরবাড়িতে থাকছিলেন আশা। দিন কয়েক আগে, বাপেরবাড়ির অন্যদের এসআইআরের গণনা-পত্র আসে। তাঁর গণনা-পত্র শ্বশুরবাড়িতে দেওয়া হবে বলে আশা জানতে পারেন। পরিজনদের দাবি, এতেই তিনি এসআইআরে নাম থাকবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন হন। কেননা, তাঁর নথিপত্র রয়েছে শ্বশুরবাড়িতে। আশার বাবা রবীন মুর্মু বলেন, ‘‘বলেছিলাম, শ্বশুরবাড়ি থেকে কাগজপত্র আনা হবে। মাথায় কী ঢুকেছিল জানি না, নিজেকে শেষ করল! নাতনিকেও বিষ খাওয়াল!’’ শনিবারই দু’জনকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের দাবি, ‘‘বিজেপি বাংলা জুড়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে, এই মৃত্যু তার প্রমাণ।’’
নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুর পাহাড়পুর পঞ্চায়েতের কৃষ্ণপুর চক মণ্ডলপাড়ার বাসিন্দা বৃদ্ধ শ্যামল সাহাকে (৭২) এ দিন সকালে ঘরের বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, বছর তিরিশ আগে বাংলাদেশ থেকে এ দেশে আসেন শ্যামল। ২০০২ সালের ভোটার-তালিকায় তাঁর নাম ছিল না। ২০০৭ সালে নাম ওঠে। এসআইআর চালু হওয়ার পর থেকে তিনি আতঙ্কে ভুগছিলেন। স্ত্রী শেফালি বলেন, ‘‘এসআইআর চালু হতে চিন্তায় ছিলেন। বার বার বলতেন, ‘আমাদের কী হবে! কে জানে, কোথায় পাঠিয়ে দেবে’! ওই আতঙ্কেই চলে গেলেন!’’ ডাক্তার জানান, হৃদরোগে মৃত্য হয়েছে শ্যামলের। তবে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘‘এসআইআর নিয়ে কারও ভয়ের কারণ নেই।’’
পূর্ব বর্ধমানের মেমারিতে বুথ লেভেল অফিসার (বিএলও) নমিতা হাঁসদার মৃত্যুতে কাজে বাড়তি চাপের অভিযোগ ওঠায় এ দিন তাঁর বাড়িতে যায় ব্লক প্রশাসনের একটি দল। দলের প্রতিনিধিরা জানান, বিষয়টির তদন্ত চলছে। যা জানানোর নির্বাচন কমিশনকে জানানো হবে। বিএলও-দের সংগঠনের তরফে জেলার বিভিন্ন ব্লক অফিসে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ, কাজে বাড়তি চাপ না দেওয়া এবং নিরাপত্তা-সহ বিভিন্ন দাবিতে স্মাকরলিপি দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে শিলিগুড়িতে বিজেপিকে বিঁধে বলেন, ‘‘কেন তোমাদের জন্য অত মৃত্যু হয়? জানতে চাই। শকুনিবাবুরা, লজ্জা করে না! এত মানুষের
প্রাণ কাড়ছ!’’
নদিয়ায় গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূলের তরফে হাসপাতাল, শ্মশান সর্বত্র বলে দেওয়া হয়েছে, কেউ যদি মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা যান সেটাও এসআইয়ের কারণে। নির্বাচন কমিশন রাজহাঁস হয়ে নেমে পড়েছে দুধ আর জল আলাদা করতে। সেটাই সহ্য হচ্ছে না।’’
পুরুলিয়ায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘এসআইআর নিয়ে বিজেপি ও তৃণমূল দু’দলই আতঙ্ক সৃষ্টি করছে। ভোটের আবহে মানুষ যাতে কাজ, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে প্রশ্ন না তুলে এসআইআর নিয়ে মেতে থাকেন, তাই এ সব করা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)