Advertisement
E-Paper

তিন জেলায় ভোটের দুপুরে তাপপ্রবাহ! উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণে কালবৈশাখীর স্বস্তি কবে থেকে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুকনো পশ্চিমি হাওয়ার কারণে দক্ষিণবঙ্গে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। কলকাতা-সহ গোটা রাজ্যে আগামী চার দিন তাপমাত্রার হেরফের হবে না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:০৫
Heat wave conditions very likely to prevail in three districts of South Bengal

তিন জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। —ফাইল চিত্র।

রাজ্যে প্রথম দফার ভোটের দিনে অস্বস্তিকর গরম পশ্চিমের জেলাগুলিতে। তিন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হতে পারে ছিটেফোঁটা বৃষ্টি। তবে তাতে প্রাণ জুড়াবে না। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তার প্রভাবে কমবে তাপমাত্রাও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুকনো পশ্চিমি হাওয়ার কারণে দক্ষিণবঙ্গে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। কলকাতা-সহ গোটা রাজ্যে আগামী চার দিন তাপমাত্রার হেরফের হবে না। তার পরে তিন দিন দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।

বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ওই তিন জেলাতেই রয়েছে ভোট। জেলাগুলির কিছু অংশে ৪০ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা থাকতে পারে। গরম এবং অস্বস্তি খুব বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি না হলেও অস্বস্তিকর গরম থাকবে।

Advertisement

একই সঙ্গে বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যার দিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তির সতর্কবার্তা রয়েছে। রবিবার শুধু পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ওই সতর্কতা রয়েছে। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। শনিবার দক্ষিণের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড় হতে পারে। রবিবার পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে।

দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে। শনিবার থেকে উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়িতে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

West Bengal Weather Weather Forecast Heat Wave
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy