Advertisement
E-Paper

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বইতে পারে দমকা হাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই মঙ্গল এবং বুধবার ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৬:৩৭
Photo of Rain

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি কলকাতায়। ছবি: পিটিআই।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই মঙ্গল এবং বুধবার ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টের সময়ই কলকাতায় আঁধার নেমেছিল। কালো মেঘে ঢেকে গিয়েছিল শহরের আকাশ। ইতিমধ্যেই একপশলা বৃষ্টিতেও ভিজেছে কলকাতার রাজপথ। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দু’একটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দু’একটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দু’একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়ার দু’একটি এলাকায়। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার দু’একটি এলাকাতেও।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় নিচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি। মঙ্গল এবং বুধবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রয়েছে। এই প্রতিবেদন লেখার সময় দিঘা থেকে যার দূরত্ব ৩৩০ কিমি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সেটি পূর্ব খেপুপাড়ার কাছে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।

Monsoon kolkata rain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy