এক গৃহবধূকে বাড়ি থেকে ফোন করে ডেকে এনে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালাল দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, আততায়ী মৃতার পরিচিত। সম্ভবত এক ব্যক্তির থেকে চড়া হারে ঋণ নিয়ে শোধ করতে না পারায় ওই বধূকে খুন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার ওলাবিবিতলা ফার্স্ট বাইলেনে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ভারতী হাজরা (৩৮)। তিনি পাঁচতলা একটি বহুতলের চারতলায় থাকতেন। মৃতার স্বামীর নাম সুব্রত হাজরা। তিনি স্থানীয় এক প্রোমোটারের কাছে চাকরি করেন। ওই দম্পতির এক ছেলে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেল থেকে দু’টি বাইকে চার যুবক সন্দেহজনক ভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল।
ভারতীর স্বামী সুব্রত বলেন, ‘‘আমরা বিশেষ প্রয়োজনে কাসুন্দিয়া শিবতলার বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। নিয়মিত কিস্তিও শোধ করছিলাম। কিন্তু ওই ব্যক্তি তার লোকদের দিয়ে বার বার খুন করার হুমকি দিচ্ছিল। এ দিন সন্ধ্যায় ওদেরই এক জন ফোন করে স্ত্রীকে নীচে নামতে বলে। কিছু ক্ষণ পরে গিয়ে দেখি, স্ত্রী রক্তাক্ত অবস্থায় সিঁড়ির চাতালে পড়ে রয়েছে।’’ সুব্রত আরও জানান, তখনও ভারতী বেঁচে ছিলেন। গলায় ধারালো অস্ত্রের কোপ ছিল। জল খাওয়ার পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বহুতলের সিঁড়ির চাতাল রক্তে ভেসে যাচ্ছে। পুলিশকর্মীরা নমুনা সংগ্রহ করছেন। ভিড় করেছেন এলাকার বাসিন্দারা। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘আমরা বেশ কিছু সূত্র পেয়েছি। খুনের কারণ স্পষ্ট নয়। সিসি ক্যামেরা দেখে খুনিদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)