টাকা নিয়ে অশান্তির জের। হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতার নাম ভারতীয় হাজরা। অভিযোগ, তাঁর ফ্ল্যাটের নীচে রাজদীপ নামে এক ব্যক্তি ভারতীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজদীপ এবং ভারতী পূর্বপরিচিত। রাজদীপের মা ক্যানসারে আক্রান্ত। আর তাঁকে সাক্ষ্য করে টাকা ধার নিয়েছিলেন ভারতী। রাজদীপের মা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সেই কারণে ভারতীর কাছে বার বার ধার মেটানোর জন্য টাকা চাইতেন রাজদীপ। কিন্তু বার বারই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ভারতী ধার মেটাতেন না বলে অভিযোগ। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা চলছিল বেশ কয়েক দিন ধরে। রবিবার সন্ধ্যায় টাকা মেটানো নিয়ে দু’জনের মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, বচসার মাঝেই ভারতীকে ছুরি দিয়ে আঘাত করেন রাজদীপ। ভারতীর গলায় ছুরির কোপ বসানো হয়েছিল।
রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়েন ভারতী। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় চ্যাটার্জি হাট থানার পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
স্থানীয়দের দাবি, মাস ছয়েক আগে ভারতীর পরিবার প্রায় ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিল। সেই টাকা শোধ না-করায় প্রায় বচসা হত। আগে রাতে কয়েক বার ফ্ল্যাটে এসে কয়েক জনকে ডাকাডাকি করতে দেখা গিয়েছে। তবে এমন ঘটনা যে ঘটবে তা কেউই ভাবতে পারেননি। খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু টাকা শোধ করতে না-পারায় খুন না কি নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।