E-Paper

ভূগর্ভ-পথের দাবিতে অবস্থান বিক্ষোভে বাকসাড়ার বাসিন্দারা

দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিংয়ের সমস্যায় ভুগে অবশেষে এ দিন সকাল ১০টা থেকে বেতড় লেভেল ক্রসিংয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, লেভেল ক্রসিংয়ের মাঝে এসে ট্রেন দাঁড় করিয়ে রেখে পরিষ্কারের কাজ করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৯:২৮

—প্রতীকী চিত্র।

দক্ষিণ-পূর্ব রেলের শালিমার-খড়্গপুর শাখার চারটি লেভেল ক্রসিং দীর্ঘক্ষণ পড়ে থাকায় এলাকার মানুষদের ভোগান্তি দীর্ঘদিনের। বার বার রেলকে জানিয়েও কোনও ব্যবস্থা না নেওয়ায় রবিবার বেতড় রেলগেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এ দিন বিক্ষোভকারীরা রেল অবরোধ না করলেও হুমকি দিয়েছেন, ১৫ দিনের মধ্যে পদ্মপুকুর, বেতড়, জানা গেট ও বাকসাড়া লেভেল ক্রসি‌ংয়ে ভূগর্ভ-পথ বা রেল ওভারব্রিজ তৈরির ঘোষণা না করলে দীর্ঘমেয়াদি আন্দোলনে নামবেন।

দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিংয়ের সমস্যায় ভুগে অবশেষে এ দিন সকাল ১০টা থেকে বেতড় লেভেল ক্রসিংয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, লেভেল ক্রসিংয়ের মাঝে এসে ট্রেন দাঁড় করিয়ে রেখে পরিষ্কারের কাজ করা হয়। ফলে দীর্ঘক্ষণ ধরে ওই চারটি লেভেল ক্রসিংয়ের রেলগেট বন্ধ থাকে। ঘণ্টার পর ঘণ্টা রেলগেট বন্ধ থাকায় এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

এ দিন শিবমোহন বন্দ্যোপাধ্যায় নামে এক বিক্ষোভকারী বলেন, ‘‘আমরা এই সমস্যার একটি স্থায়ী সমাধান চাইছি। আন্ডারপাস অথবা ওভারব্রিজ হওয়া দরকার। বাকসাড়াবাসীর এই যন্ত্রণা বহু দিনের।’’ মুনিয়া ঘোষ নামে আর এক বিক্ষোভকারী বলেন, ‘‘বহু মানুষ রেলগেটে আটকে থাকার কারণে সময়ে হাসপাতালে পৌঁছতে না পেরে মারা গিয়েছেন। এই সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।’’

এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের এক পদস্থ কর্তা বলেন, ‘‘ওই লেভেল ক্রসিংগুলিতে আন্ডারপাস করার ব্যাপারে প্রাথমিক কথা হয়েছে। ইঞ্জিনিয়ারেরা বিষয়টি খতিয়ে দেখছেন। খুব শীঘ্র এ বিষয়ে সিদ্ধান্ত নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

protests

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy