ভোট মেটার পর অশান্তি। হাওড়ার ডোমজুড়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল শুরু হয়েছে এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
বিজেপির দাবি, আক্রান্ত কর্মীর নাম শেখ নাজিমুদ্দিন। ডোমজুড়ের রাজীব কলোনী এলাকায় তাঁর বাড়ি। বুধবার ভোটপর্ব শান্তিতে মিটে গেলেও এখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধীদের ধমকাচ্ছেন। বাইক নিয়ে গিয়ে নাজিমুদ্দিনকে কয়েক জন বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। জখম বিজেপি কর্মীর চিকিৎসা চলছে হাওড়া জেলা হাসপাতালে। ইতিমধ্যে ডোমজুড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত নেমে দু’জনকে আটকও করেছে পুলিশ।
এ নিয়ে হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের প্রতিক্রিয়া, ‘‘কোনও রকম প্ররোচনা থাকতে পারে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। ক’দিন পরেই ভোটগণনা এবং ফলপ্রকাশ। তার আগে দলীয় কর্মীদের সংযত থাকতে বলব।’’
আরও পড়ুন:
অন্য দিকে, ডিসিআরসি থেকে ইভিএম মেশিন কাউন্টিং সেন্টারে পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার। দুপুরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা হাওড়া সিটি পুলিশের কর্মীদের সঙ্গে নিয়ে শিবপুরের বিবেকানন্দ ইনস্টিটিউশনের স্ট্রং রুমে ইভিএম মেশিন নিয়ে যান। পাঁচলা, ডোমজুড় এবং জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে স্ট্রং রুম চত্বর সিসিটিভি ক্যামেরায় মোড়া। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারি চলছে সেখানে।