পারিবারিক ঝামেলায় নাক গলানোয় স্থানীয় তৃণমূলকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। বুধবার হুগলির তারকেশ্বর পুরসভার ১৫ নম্বর সাহাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। শুভদ্বীপ রায় নামে ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক ধরেই শুভদ্বীপের পরিবারে তাঁর স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে অশান্তি চলছিল। বিষয়টি মিটমাটের জন্য শুভদ্বীপের পরিবারই স্থানীয় কাউন্সিলর প্রদীপ সাহাকে জানিয়েছিল। বুধবার শুভদ্বীপের বিরুদ্ধে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠায় শুভদ্বীপের বাড়িতে আসেন প্রদীপ-সহ বেশ কয়েক জন স্থানীয় তৃণমূলকর্মী। সেই সময়েই ওই ঘটনা ঘটে।অভিযোগ, মহাদেবদ দিগর নামে এক স্থানীয় তৃণমূলকর্মী শুভদ্বীপকে আটকাতে গেলে তাঁর কান কামড়ে ছিঁড়ে নেন শুভদ্বীপ।
রক্তাক্ত অবস্থায় মহাদেবকে সঙ্গে সঙ্গেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে তরফে জানানো হয়, ছেঁড়া কান জোড়া লাগাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হবে মহাদেবকে। সেই মতোই ছেঁড়া কানটি জারে ভরে মহাদেবকে সঙ্গে নিয়ে কলকাতা ছোটেন স্থানীয় তৃণমূলকর্মীরা।
শুভদ্বীপের বিরুদ্ধে এলাকায় দাদাগিরি করার অভিযোগও রয়েছে। কাউন্সিলর প্রদীপ বলেন, ‘‘আমরা নিজে থেকে তো যাইনি। ওঁর পরিবার ডেকেছে, তাই গিয়েছি। ওঁর সিভিক ভলান্টিয়ারের চাকরি যাতে না-থাকে, আমরা সেই ব্যবস্থাই করছি।’’ শুভদ্বীপের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয় মহাদেবের পরিবারের তরফে।
পুলিশ জানিয়েছে, তারকেশ্বর থানায় অনেক দিন ধরেই সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করছেন শুভদীপ। ঘটনার পর শুভদীপ বাইক নিয়ে পালিয়ে গেলেও তাঁর ধরে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।