নিত্যযাত্রীদের দাবি মেনে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের মধ্যে এক জোড়া ট্রেন বাড়াল পূর্ব রেল। গত সোমবার থেকে এই পরিষেবা চালু হয়েছে। ট্রেনটি সকাল ১০টা ৫ মিনিটে তারকেশ্বর থেকে ছেড়ে শেওড়াফুলি যাচ্ছে। শেওড়াফুলি থেকে ১১টা ৪ মিনিটে ছেড়ে তারকেশ্বরে আসছে।
এই পরিষেবায় খুশি নিত্যযাত্রী সংগঠন তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক হরদাস চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এই সময়ে তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত একটি ট্রেনের দাবি জানিয়ে আসছিলেন। কারণ, সকাল ৯টা ৩২ মিনিটের পরে সরাসরি তারকেশ্বর থেকে হাওড়ামুখী ট্রেন প্রায় দু’ঘণ্টা পরে (১১টা ১৫)। তারকেশ্বর থেকে ছাড়া ১০টা ২৫ এবং ১১টা ১৫ মিনিটের ট্রেন দু’টি আসে যথাক্রমে গোঘাট ও আরামবাগ থেকে (নামে অবশ্য তারকেশ্বর লোকাল। গোঘাট ও আরামবাগ থেকে তারকেশ্বরে এসে নম্বর বদলে হাওড়া রওনা হয়)। দীর্ঘ সময় তারকেশ্বর থেকে সরাসরি ট্রেন না থাকায় তারকেশ্বরের তীর্থযাত্রী থেকে সাধারণ যাত্রীদের যাতায়াতে অনেক অসুবিধা হত।
হরনাথ বলেন, ‘‘হাওড়া থেকে যে ট্রেনটি ৯টা ৫৫ মিনিটে তারকেশ্বরে ঢোকে, এত দিন সেটি ৪ ঘণ্টা ইয়ার্ডে দাঁড়িয়ে থাকত। সে জন্যই সাড়ে ১০টা নাগাদ এই রেকটি শেওড়াফুলি পর্যন্ত চালুর আর্জি আমরা জানিয়েছিলাম।রেল কর্তৃপক্ষ তা বিবেচনা করে এই পরিষেবা চালু করায় যাত্রীরা উপকৃত হবেন।’’ শেওড়াফুলিতে নেমে হাওড়াগামী ট্রেন ধরতে পারবেন যাত্রীরা। তারকেশ্বরের দিক থেকে শেওড়াফুলিতে নেমে বহু মানুষ ব্যান্ডেল, বর্ধমান বা কাটোয়ামুখী ট্রেন ধরেন। তাঁদেরও সুবিধা হবে।
হরনাথের সংযোজন, ‘‘আমাদের দাবি মেনে কয়েক মাস আগে আরও একটি ট্রেন চালু করেছেন রেল কর্তৃপক্ষ। রেলের সংশ্লিষ্ট সব বিভাগকে সংগঠনের তরফে ধন্যবাদ।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)