E-Paper

লাঠিতে শায়েস্তা জমায়েত, নির্বিঘ্নে ভোট মিটল হাওড়ায়

বুধবার বালি থেকে সাঁকরাইল, সর্বত্র বুথের সামনে দেখা গিয়েছে ভোটারদের দীর্ঘ লাইন।

দেবাশিস দাশ

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৮:৩১
বালির একটি বুথে গন্ডগোল থামাতে লাঠি চালাল কেন্দ্রীয় বাহিনী।

বালির একটি বুথে গন্ডগোল থামাতে লাঠি চালাল কেন্দ্রীয় বাহিনী। ছবি: দীপঙ্কর মজুমদার।

কারও কাঁধে ইনস্যাস রাইফেল, কারও কাঁধে একে-৪৭। কেউ সাঁজোয়া গাড়িতে ঘুরছেন, কেউ জঙ্ঘা জিপে সওয়ার। কিন্তু সকলের হাতেই ফাইবারের লাঠি। এই লাঠির দাপটে দিনভর নিষ্ক্রিয় রইল তারা, যারা হাওড়ার প্রতিটি নির্বাচনে বুথে বুথে হাঙ্গামা করে, ছাপ্পা ভোট দেয়। কোথাও অবৈধ জমায়েত বা গোলমালের চেষ্টা দেখলেই লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করে দিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এমন অবাধ ও শান্তিপূর্ণ ভোট আগের নির্বাচনগুলিতে হয়নি বলেই দাবি ভোটদাতাদের।

বুধবার বালি থেকে সাঁকরাইল, সর্বত্র বুথের সামনে দেখা গিয়েছে ভোটারদের দীর্ঘ লাইন। সকাল থেকেই মহিলা ভোটদাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ইভিএম খারাপ থাকায় একাধিক বুথে ভোট শুরু করা যায়নি বলে খবর আসতে শুরু করে। সকাল ৮টায় মধ্য হাওড়ার দালালপুকুরের কাছে পুরসভার একটি স্বাস্থ্যকেন্দ্রের ইভিএম খারাপ হওয়ায় প্রায় এক ঘণ্টা ভোট শুরু করা যায়নি। একই অভিযোগ এসেছে খুরুটের একটি স্কুলের বুথ থেকে। ইভিএম খারাপ হওয়ায় সালকিয়া মৃগাঙ্ক দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়ের ৩৪ ও ৪১ নম্বর বুথে সকাল সাড়ে ৮টায়ও ভোট করানো যায়নি বলে খবর। জিটি রোডের ধারে ওই স্কুলের সামনে তাই দীর্ঘ লাইন পড়ে যায়।

এ দিন ভোর থেকে মেঘলা আবহাওয়া ছিল। সকাল পৌনে ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় ন‌িয়েই বিভিন্ন বুথে ভোটদাতাদের দীর্ঘ লাইন পড়েছিল। এ দিন হাওড়া সদরে যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হয়, সেগুলি হল বালি, উত্তর হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, সাঁকরাইল এবং ডোমজুড়। অতি স্পর্শকাতর কেন্দ্র হিসাবে প্রশাসন এ দিন বালি এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছিল। কিন্তু তা সত্ত্বেও লিলুয়ার অভয় গুহ রোডের সোহনলাল দেওরিয়া স্কুলের ৪টি বুথের একটিতে ভোটদাতাদের বিভ্রান্ত করতে তৃণমূলের এক এজেন্টের উপরে কেন্দ্রীয় বাহিনীর লাঠি চালানোর অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়ায়। বুথের সামনে তৃণমূল সমর্থকেরা গোলমাল পাকানোর চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। ঘটনায় তিন জনকে আটক করা হয়। পরে বৃষ্টির মধ্যেও ওই কেন্দ্রে ভোটদাতাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। বালি ও মধ্য হাওড়ায় যে ৫টি বহুতলে বুথ হয়েছিল, সেখানেও ভোটদানের উৎসাহ ছিল।

উত্তর হাওড়ার পিলখানায় অবৈধ জমায়েতের খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ লাঠি নিয়ে তাড়া করলে এলাকা ফাঁকা হয়ে যায়। বিকেল ৪টা নাগাদ শিবপুরের ফজিরবাজার এলাকায় বোমা ফাটার মতো শব্দে উত্তেজনা ছড়ায়। বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ লাঠি হাতে এলাকায় ঢুকে তল্লাশি চালাতে গেলে ফাঁকা হয়ে যায়। পুলিশ বোমাবাজির খবর অস্বীকার করেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Howrah District

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy