E-Paper

হাওড়ায় পিচের রাস্তা খুঁড়ে বসছে পেভার ব্লক, ধুলোয় জেরবার বাসিন্দারা

এলাকার বাসিন্দাদের প্রশ্ন, ভোটের আগে কাজ দেখাতে গিয়ে ভাল রাস্তা খুঁড়ে পেভার ব্লক বসানোর যৌক্তিকতা কোথায়? পেভার ব্লক দেওয়া রাস্তা বর্ষায় মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে, বৃষ্টির জল ভিতরে ঢুকে গোটা পথটাই উঁচু-নিচু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেবাশিস দাশ

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৯:১৪
ধুলোময়: পেভার ব্লক বসানোর জন্য খোঁড়া হয়েছে হাওড়ার ফোরশোর রোড। তার জন্য চার দিক ভরেছে ধুলোয়।

ধুলোময়: পেভার ব্লক বসানোর জন্য খোঁড়া হয়েছে হাওড়ার ফোরশোর রোড। তার জন্য চার দিক ভরেছে ধুলোয়। ছবি: দীপঙ্কর মজুমদার।

ছিল রুমাল, হয়ে গেল বেড়াল।

অনেকটা এমনই অবস্থা হাওড়া পুরসভা এলাকার ন’টি গুরুত্বপূর্ণ রাস্তার। কয়েক দিন আগেও যেটা ছিল খরচ করে ম্যাস্টিক অ্যাসফল্ট দিয়ে তৈরি ঝকঝকে রাস্তা, সেটাই কিছু দিনের মধ্যে প্রায় এক ফুট খুঁড়ে ফেলে তৈরি হল হাঁটাচলার অযোগ্য এবড়োখেবড়ো পথ। সেই পথ দিয়ে যানবাহনের ধুলোর দূষণে নাভিশ্বাস ওঠার অবস্থা পথচলতি মানুষ
ও স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি এতটাই খারাপ যে, ওই সব রাস্তা সংলগ্ন বহুতলের
বাসিন্দারা হাওড়া পুরসভায় লাগাতার ফোন করে অভিযোগ জানাতে থাকায়
অবিলম্বে কেএমডিএ-কে বিষয়টি নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার।

ভোটের আগে রাজ্যের অন্যান্য জায়গার মতো হাওড়া শহরে রাস্তা মেরামত করতে কেএমডিএ-কে দায়িত্ব দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। হাওড়া পুরসভা সূত্রের খবর, শহরের মূল ৯টি রাস্তা, যেমন ফোরশোর রোড, টিকিয়াপাড়ার নর্থ-ইস্ট বাইপাস, নরসিংহ দত্ত রোড, বেলিলিয়াস রোড, পঞ্চাননতলার একাংশ-সহ একাধিক রাস্তা মেরামত করার বরাত নেয় কেএমডিএ। কিন্তু দেখা যায়, যে সব রাস্তা গত বছরেই কয়েক কোটি টাকা খরচ করে ম্যাস্টিক অ্যাসফল্ট দিয়ে তৈরি করা হয়েছিল, সেখানেই পেভার ব্লক বসানোর জন্য রাস্তা এমন ভাবে খুঁড়ে ফেলা হয়েছে যে, যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। শুধু তা-ই নয়, রাস্তা খোঁড়ার জন্য ধুলোয় ঢেকে গিয়েছে পথঘাট।

এলাকার বাসিন্দাদের প্রশ্ন, ভোটের আগে কাজ দেখাতে গিয়ে ভাল রাস্তা খুঁড়ে পেভার ব্লক বসানোর যৌক্তিকতা কোথায়? পেভার ব্লক দেওয়া রাস্তা বর্ষায় মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে, বৃষ্টির জল ভিতরে ঢুকে গোটা পথটাই উঁচু-নিচু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেমনটা হয়েছে শৈলেন মান্না সরণিতে। ফোরশোর রোডের পাশে একটি বহুতলের বাসিন্দা প্রমোদ দুবের প্রশ্ন, ‘‘এই রাস্তা দিয়ে প্রচুর ভারী লরি, ট্রাক, ট্রেলার চলে। যে ভাবে রাস্তা তৈরি হচ্ছে, তাতে এই রাস্তা কত দিন টিকবে? তা ছাড়া, কেএমডিএ তো রাস্তা খুঁড়ে রেখে চলে যাচ্ছে। পর্যাপ্ত জল না দেওয়ায় ধুলোর ধূষণ যেমন হচ্ছে, তেমনই রাস্তার স্থায়িত্বও কমছে।’’

হাওড়া পুরসভার এক পদস্থ কর্তা বলেন, ‘‘এই রাস্তা খোঁড়ার আগে কেএমডিএ কোনও বৈঠক করেনি। ভাল রাস্তাগুলি কেন খুঁড়ে ফেলে সেখানে পেভার ব্লক বসানো হচ্ছে, তা-ও আমরা জানি না। এ নিয়ে খুব শীঘ্র বৈঠকে বসা হবে।’’

কিন্তু প্রশ্ন উঠেছে, ভাল পিচের রাস্তা খুঁড়ে ফেলে কেন বসানো হচ্ছে পেভার ব্লক? এই ভাবে
তৈরি রাস্তা কি যানবাহন চলাচলের জন্য আদৌ নিরাপদ? হাওড়া পুরসভার এক পদস্থ ইঞ্জিনিয়ার বলেন, ‘‘বৃষ্টির জল সাধারণত পিচের শত্রু। সে ক্ষেত্রে পিচের রাস্তার তুলনায় পেভার ব্লক ভাল। কিন্তু, পেভার ব্লক ঠিক মতো বসানো না হলে সামান্য বৃষ্টিতেই তা বসে গিয়ে রাস্তায় মরণফাঁদ তৈরি হবে। যানবাহনের চাকা পিছলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়বে।’’

এ বিষয়ে হাওড়ার দায়িত্বে থাকা কেএমডিএ-এর এক পদস্থ কর্তার অবশ্য দাবি, ‘‘আমরা
সমস্ত নিয়ম মেনে পেভার ব্লক বসাচ্ছি। এতে রাস্তা দীর্ঘস্থায়ী হবে। ম্যাস্টিক অ্যাসফল্টের
তৈরি রাস্তার রক্ষণাবেক্ষণ খরচসাপেক্ষ, তাই পেভার ব্লক বসানো হচ্ছে। ধুলো কমাতে নিয়মিত যাতে ওই সমস্ত রাস্তায় দিনে তিন বার জল দেওয়া হয়, তা-ও আমরা দেখছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Howrah road construction

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy