বুধবার সিনেমা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই কীটনাশক গলায় ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাঁরা। হাওড়ার সাঁকরাইলের সেই যুগলের প্রচেষ্টা ‘সফল হল’ । হাসপাতালের চিকিৎসাধীন তরুণ ও তরুণী দু’জনেরই মৃত্যু হয়েছে বৃহস্পতিবার।
সাঁকরাইলের আন্দুলের প্রেক্ষাগৃহে কীটনাশক খাওয়ার পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর বুধবার গভীর রাতে মৃত্যু হয়। কয়েক ঘন্টা পরে মৃত্যু হয় চিকিৎসাধীন তরুণের। মৃত দু’জনেরই বাড়ি ডোমজুড়ের লক্ষণপুর গ্রামে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে ওই তরুণ-তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্প্রতি দু’জন বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বাধ সাধে বয়স। প্রেমিকের বয়স সবে ১৮ বছর। তার উপর প্রেমিকা তাঁর চেয়ে কয়েক বছরের বড়।
আরও পড়ুন:
সম্পর্কের কথা জানামাত্র তরুণের পরিবারে অশান্তির সূত্রপাত হয়। একই পরিস্থিতি তৈরি প্রেমিকার বাড়িতেও। ধবার ওই যুগল সিনেমা দেখতে যান সাঁকরাইল থানা এলাকায় আন্দুলের ওই প্রেক্ষাগৃহে। সেখানে আলাদা ভাবে বসে সিনেমা দেখার জন্য কেবিন রয়েছে। ম্যাটিনি শো-তে দু’জনে কেবিনের টিকিট কেটে হলে ঢোকেন। সিনেমার শো-এর শেষে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন প্রেক্ষাগৃহের কর্মীরা। খবর পেয়ে প্রেক্ষাগৃহে যায় পুলিশ। দু’জনকে উদ্ধার করে হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁদের মৃত্যু হয়।