E-Paper

প্রচারে মুখোমুখি দু’দল, উত্তেজনা

পাল্টা বিজেপির পক্ষ থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। এর পরে বেশ কয়েক জন বিজেপি কর্মী বাইক থেকে নেমে পথসভার দিকে স্লোগান দিতে দিতে এগোতে থাকেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩১
চলছে ধস্তাধস্তি। শুক্রবার সন্ধ্যায় আমতায় ধাঁইপুরে।

চলছে ধস্তাধস্তি। শুক্রবার সন্ধ্যায় আমতায় ধাঁইপুরে। নিজস্ব চিত্র ।

নির্বাচনী প্রচারের সময় রাজ্যের প্রধান দুই দল মুখোমুখি হয়ে যাওয়ায় শুক্রবার বিকেলে উত্তেজনা ছড়াল আমতার ধাঁইপুরের কাছে। বাধা দিলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আমতা কেন্দ্রের শেওড়াবেড়িয়া থেকে দলীয় প্রার্থী অমিত সামন্তের সমর্থনে একটি মিছিল বের করে বিজেপি। প্রার্থী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন হুডখোলা গাড়িতে। সামনে ছিল কয়েকশো মোটরবাইক ও বেশ কিছু টোটো। ধাঁইপুরের কাছে আমতার তৃণমূল প্রার্থী সুকান্ত পালের সমর্থনে একটি পথসভা চলছিল। বিজেপির মিছিল সামনে চলে এলে তৃণমূল সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পাল্টা বিজেপির পক্ষ থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। এর পরে বেশ কয়েক জন বিজেপি কর্মী বাইক থেকে নেমে পথসভার দিকে স্লোগান দিতে দিতে এগোতে থাকেন। উল্টো দিক থেকে তৃণমূল কর্মীরাও স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি দেখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বাধা দিলে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ দুই দলকে শান্ত করে।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘বিজেপির মিছিল যখন তৃণমূলের পথসভার কাছে আসে, তখন দু’পক্ষ স্লোগান দিতে থাকে। একই সময়ে একই জায়গায় দু’দলের প্রচারের অনুমতি দেওয়া হয়নি। বিজেপির মিছিল যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তা দিয়ে যায়নি। সময়েরও পরিবর্তন হয়েছে। অভিযোগ হলে তদন্ত হবে।’’

আমতা কেন্দ্রের তৃণমূলের যুব সভাপতি শুভঙ্কর বাড়ুই বলেন, ‘‘কমিশনের অনুমতি নিয়ে সভা হচ্ছিল। তার পরেও বিশৃঙ্খলা তৈরি হল। কমিশনে অভিযোগ জানানো হবে।’’ বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত পাল্টা বলেন, ‘‘তৃণমূল বুঝতে পেরেছে, এ বার সরকার থেকে চলে যাচ্ছে। আমাদের শান্তিপূর্ণ মিছিলকে উদ্দেশ্য করে পথসভা থেকে ওরা স্লোগান দেওয়ায় বিশৃঙ্খলা হয়।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Amta TMC BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy