Advertisement
E-Paper

এসি বাসস্ট্যান্ড, শুধু দর্শনেই সুখ

বিধানসভা ভোটের আগে যাত্রীস্বার্থে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল। তারপর প্রায় এক বছর কাটতে চলেছে। অথচ এখনও চালু হল না শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় (এসি বাসস্ট্যান্ড)।

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০১:২৯
অপেক্ষায়: বিতর্ক যে বাসস্ট্যান্ড নিয়ে। নিজস্ব চিত্র।

অপেক্ষায়: বিতর্ক যে বাসস্ট্যান্ড নিয়ে। নিজস্ব চিত্র।

বিধানসভা ভোটের আগে যাত্রীস্বার্থে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল। তারপর প্রায় এক বছর কাটতে চলেছে। অথচ এখনও চালু হল না শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় (এসি বাসস্ট্যান্ড)। হুগলির উত্তরপাড়া-কোতরং পুর এলাকার ধাড়সা পেট্রোল পাম্পের কাছে ওই শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়টি এখন সাধারণের কাছে দর্শনীয় হয়ে দাঁড়িয়েছে।

প্রচণ্ড গরমের মধ্যে বাসের জন্য অপেক্ষায় যাত্রীদের কষ্ট লাঘব করতে গত বিধানসভা নির্বাচনের আগে উত্তরপা়ড়া-কোতরং পুরসভার অধীনে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছিল। খরচ হয়েছিল মাথাপিছু প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। দ্বিতীয়টি রয়েছে উত্তরপাড়া কলেজের কাছে। সেটি অবশ্য চালু। কিন্তু ধাড়সা পেট্রোল পাম্পের কাছে এই এসি বাসস্ট্যান্ড চালু না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। এটির উদ্বোধন করেছিলেন এলাকার সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। স্থানীয় মানুষের অভিযোগ, গরম থেকে যাত্রী সাধারণ, বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধাদের আরাম দিতে এসি বাসস্ট্যান্ডটি তৈরি হলেও সেটি চালু করতে কোনও উদ্যোগ নেই পুরসভার। তা ছাড়া বাসস্ট্যান্ড চালু না হওয়ায় ওই এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে দাঁড়িয়েছে। একাধিক দুর্ঘটনাও ঘটেছে।

এখন যে জায়গায় এসি বাসস্টান্ডটি রয়েছে সেখানে আগে যাত্রীরা বাস, অটোর জন্য অপেক্ষা করতেন। বাসস্টান্ড চালু না হওয়ায় ভিতরে যাত্রীরা বসতে পারছেন না। ধাড়সা থেকে শ্রীরামপুরগামী যাত্রীরা বাস, অটো, টোটোর জন্য রোদ-বৃষ্টির মধ্যে রাস্তার উপরেই অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, ‘‘এসি বাসস্ট্যন্ডটি যাতে শীঘ্রই চালু করা যায় সে বিষয়ে পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’’

পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘‘সিইএসসি-র কাছে আবেদন করেও দীর্ঘদিন ধরে বিদ্যুতের সংযোগ পাওয়া যায়নি। সেই কারণেই এসি বাসস্ট্যান্ডটি চালু করা যাচ্ছে না।’’ তবে তাঁর আশ্বাস, ‘‘শীঘ্রই এটি চালু হয়ে যাবে।’’

AC Bus stand
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy