গাঁজা-সমেত হুগলি শিল্পাঞ্চলের কুখ্যাত দুই দুষ্কৃতীকে শুক্রবার গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম লালদেও চৌধুরী ওরফে সরলা এবং কালী ঘোষ। পুলিশ সূত্রের দাবি, দু’জনেই দাগি সমাজবিরোধী রমেশ মাহাতোর সাগরেদ। শুক্রবার রাতে কানাইপুরের ছোটবাজার এলাকা থেকে ওই দু’জন ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে ৩০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে একটি মোটরবাইক। পুলিশ জানায়, শুক্রবার রাতে একটি মোটরবাইকে চেপে ওই দু’জন কোন্নগরের দিকে আসছিল। পুলিশকে রাস্তায় দেখেই তারা বাইক ঘুরিয়ে নেয়। তখন পুলিশ তাড়া করে তাদের ধরে ফেলে। তাঁদের কাছে দু’টি ব্যাগে গাঁজা ছিল। শনিবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, সরলার বিরুদ্ধে খুন, ডাকাতি, তোলাবাজি-সহ নানা অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। কালীর বিরুদ্ধেও অভিযোগ আছে।