চার দিন ধরে নিখোঁজ এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ বাড়ির কাছে ঝোপ থেকে উদ্ধার করল পুলিশ। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের প্রভাসনগরে। খুনের অভিযোগে পড়শি তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেযাপ্ত হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।
মৃত যুবকের নাম শঙ্কর রায়চৌধুরী (৪০)। ধৃতদের নাম রতন দেবনাথ ওরফে টোটন, সুখেন সমাদ্দার ওরফে বুবাই এবং সুদীপ্ত মিস্ত্রী ওরফে বুড়ো। পুলিশের দাবি, মদের আসরে শঙ্করকে খুন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শঙ্কর কল-মিস্ত্রী ছিলেন। ১৭ নভেম্বর, সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। বাড়ির লোক শ্রীরামপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার রাতে টোটন-সহ আরও কয়েক জনের সঙ্গে একটি ক্লাবের পিছনে বসে মদ খায় শঙ্কর। শুক্রবার রাতে টোটনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে বুবাই এবং বুড়োকেও ধরা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা স্বীকার করে, ওই দিন রাতে মদের আসরে শঙ্করকে গুলি করা হয়। তারপরে প্রমাণ লোপাটের জন্য দেহ টেনে নিয়ে গিয়ে এলাকারই একটি কাচের কারখানার পিছনে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল।