Advertisement
E-Paper

বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের আগে বুথে ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে সব দফতরকে একযোগে কাজের নির্দেশ কলকাতা পুরসভার

কলকাতা উত্তর ও দক্ষিণ— উভয় প্রশাসনিক অংশের অধীনে থাকা সমস্ত ভোটকেন্দ্রে পরিষেবা নিশ্চিত করতে সব দফতরকে সমন্বয় রেখে কাজ করতে হবে। জল, আলো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্যানিটেশনের মতো মৌলিক পরিষেবাকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৪:৫৮
A photograph of voters

—ফাইল ছবি।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরের প্রতিটি ভোটকেন্দ্রে ন্যূনতম প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে তৎপর হল কলকাতা পুরসভা। একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে পুর কমিশনার সংশ্লিষ্ট সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছেন, যাতে ভোটগ্রহণের দিন প্রতিটি বুথে ‘অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটিজ়’ (এএমএফ) বজায় থাকে এবং ভোটারদের কোনও রকম অসুবিধার মুখে পড়তে না হয়। পুর কমিশনার তাঁর নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়েছেন, কলকাতা উত্তর ও দক্ষিণ— উভয় প্রশাসনিক অংশের অধীনে থাকা সমস্ত ভোটকেন্দ্রে পরিষেবা নিশ্চিত করতে সব দফতরকে সমন্বয় রেখে কাজ করতে হবে। জল, আলো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্যানিটেশনের মতো মৌলিক পরিষেবাগুলিকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুর কমিশনারকে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিক হিসাবে নিযুক্ত করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নির্বাচনী প্রস্তুতি মসৃণ করতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, নাগরিক পরিষেবা প্রদান করা তাদের আইনি দায়িত্বের মধ্যেই পড়ে। অতীতের বিভিন্ন নির্বাচনে তারা প্রশাসনকে সহযোগিতা করেছে এবং এ বারের ভোটেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হবে। নির্বাচন প্রক্রিয়াকে নির্বিঘ্নে ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে পুরসভা। এই লক্ষ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, লাইটিং, উত্তরণ (বস্তি) পরিষেবা, জল সরবরাহ, নিকাশি ও ড্রেনেজ এবং বিজ্ঞাপন বিভাগকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি বিভাগকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে, যাতে ভোটের দিন কোনও রকম ত্রুটি না থাকে।

এ ছাড়াও, শহরের বিভিন্ন বরো অফিসে কর্মরত এগ্‌‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার ও সহকারী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন কলকাতা উত্তর ও দক্ষিণের রিটার্নিং অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করেন। মাঠপর্যায়ে সমন্বয় বজায় রেখে দ্রুত সমস্যার সমাধান করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী কাজে নিযুক্ত সমস্ত আধিকারিককে ‘রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট’ অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। সব মিলিয়ে, ভোটের আগে শহরের ভোটকেন্দ্রগুলিকে প্রস্তুত করতে পুরসভা যে সক্রিয় ভূমিকা নিচ্ছে, তা স্পষ্ট।

Advertisement
vote booth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy