E-Paper

বর্ষায় বেহাল রাস্তা যেন পুকুর, ভোগান্তি চরমে

খাতড়া মহকুমা শহরে যাতায়াত করতে তালড্যাংরার একটি বড় অংশের বাসিন্দাদের ভরসা রাস্তাটি। হাড়মাসড়া পঞ্চায়েত এলাকার বহু গ্রামের বাসিন্দারা হাড়মাসড়া বাজার, পঞ্চায়েত, বাসস্টপে যান এই রাস্তা ধরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০২:২৩
জল থইথই তালড্যাংরার হাড়মাসড়া থেকে খাতড়ার কেশিয়া যাওয়ার রাস্তা।

জল থইথই তালড্যাংরার হাড়মাসড়া থেকে খাতড়ার কেশিয়া যাওয়ার রাস্তা। — নিজস্ব চিত্র।

রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল বহু দিন আগেই। বৃষ্টিতে রাস্তার খানাখন্দে জল জমে ভোগান্তি বাড়ল। বর্ষা পুরোপুরি আসার আগে তালড্যাংরার হাড়মাসড়া থেকে খাতড়ার কেশিয়া পর্যন্ত রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবিতে সরব হলেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়মাসড়া থেকে খাতড়ার কেশিয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ওই রাস্তা তৈরি করেছিল জেলা পূর্ত দফতর। বহু দিন আগে উঠেছে রাস্তার পিচ, তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও কোথাও আবার পাথর বেরিয়ে এসেছে। অন্য সময়ে কোনও রকমে যাতায়াত করা গেলেও বর্ষায় রাস্তাটি বিপজ্জনক হয়ে উঠেছে বলে দাবি বাসিন্দা থেকে নিত্যযাত্রীদের।

খাতড়া মহকুমা শহরে যাতায়াত করতে তালড্যাংরার একটি বড় অংশের বাসিন্দাদের ভরসা রাস্তাটি। হাড়মাসড়া পঞ্চায়েত এলাকার বহু গ্রামের বাসিন্দারা হাড়মাসড়া বাজার, পঞ্চায়েত, বাসস্টপে যান এই রাস্তা ধরে। দৈনিক আট-১০টি বেসরকারি বাস চলে এই রাস্তায়। যাতায়াত রয়েছে পড়ুয়াদেরও। রাস্তাটি সংস্কার না হওয়ায় সমস্যায় পড়ছেন সকলেই। স্থানীয় কেশাতড়া গ্রামের কালীপদ সিংহ মহাপাত্রের অভিযোগ, “রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃ্ষ্টির জল জমে সে গুলি ছোটখাটো পুকুরে পরিণত হয়। বিভিন্ন কাজে মহকুমা শহর যাই। ওই রাস্তা ছাড়া গতি নেই।” হাড়মাসড়ার এক বাসিন্দার কথায়, “গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার হলে তালড্যাংরা ও খাতড়া ব্লকের মানুষের ভোগান্তি কমবে। প্রশাসন দ্রুত উপযুক্ত পদক্ষেপ করুক।”

বিষয়টি নিয়ে তালড্যাংরার বিজেপি বিধায়ক সৌভিক পাত্র বলেন, “এসআরডিএ প্রকল্পে রাস্তাটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি শীঘ্র সমাধান হবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Road safety Monsoon

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy