Advertisement
E-Paper

কোচবিহারে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বরাদ্দ প্রায় ৭৭ কোটি টাকা, মিলল ৯টি সেতুর অনুমোদন

চৌলহারা নদী, ফুলকুমার নদী, ঝাপুই নদী-সহ বিভিন্ন স্থানে নতুন আরসিসি সেতু গড়ে তোলা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০২:৩৬

—প্রতীকী চিত্র।

কোচবিহার লোকসভা কেন্দ্রের গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ করল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কোচবিহার জেলায় মোট ৯টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হযল। প্রকল্প রূপায়ণের জন্য ৭৬ কোটি ৯৩ লক্ষ টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।

কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন ও কৃষি-কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান চিঠি দিয়ে সাংসদ নিশীথ প্রামাণিককে অনুমোদনের কথা জানান। ওই চিঠি অনুযায়ী, লোকসভা কেন্দ্রের বিভিন্ন ব্লকে ৫৩৬.০৬ মিটার দৈর্ঘ্যের নয়টি সেতু নির্মাণ করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে শীতলকুচি, কোচবিহার-১, মাথাভাঙা-১, দিনহাটা-২ ও তুফানগঞ্জ-১ ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার উপরে সেতু নির্মাণ। চৌলহারা নদী, ফুলকুমার নদী, ঝাপুই নদী-সহ বিভিন্ন স্থানে নতুন আরসিসি সেতু গড়ে তোলা হবে। দীর্ঘদিন ধরে ওই সব এলাকায় সেতুর অভাবে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হত, সেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রীর চিঠি।

মন্ত্রীর চিঠি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় মন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, এই সেতুগুলি শুধু মাত্র গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে না, এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করা ও নির্ধারিত মান বজায় রাখার দিকেও জোর দেওয়া হচ্ছে।

শুক্রবার সাংসদ সমাজমাধ্যমে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে। লেখেন, কোচবিহারের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। সেতুগুলি নির্মাণ হলে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

সাংসদের পোস্ট।

সাংসদের পোস্ট। ছবি: সংগৃহীত।

এই প্রসঙ্গে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পরিদর্শক তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর দাবি, সাংসদ থাকাকালীন নিশীথ কেন্দ্রীয় সরকারের কাছে ন’টি সেতু তৈরির দাবি জানিয়েছিলেন। তবে সেই সময় রাজ্যে তৃণমূলের সরকার থাকার কারণে তা বাস্তবায়িত হয়নি। তাঁর দাবি, রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার তাই উন্নয়নের ক্ষেত্রে আর কোনও বাধা নেই। জেলার সার্বিক উন্নয়নে প্রশাসন বদ্ধ পরিকর বলেও দাবি সঞ্জয়ের।

Bridge government projects

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy