E-Paper

কুর্মি-দাবি পূরণে উদ্যোগী রাজ্য

কুর্মি সম্প্রদায়ের জাতিসত্তার স্বীকৃতি ও কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি মেটাতে কেন্দ্রীয় সরকার তাঁদের পাশে থাকবে, বিজেপির তরফে আশ্বাস পাওয়ার পরেই বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন জুগিয়েছিল কুর্মি সমাজ।

শুভ্রপ্রকাশ মণ্ডল

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০২:১১

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কুর্মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করতে কেন্দ্রকে ‘ফারদার কমন জাস্টিফিকেশন রিপোর্ট’ পাঠাবে রাজ্য সরকার। পাশাপাশি, বিধানসভার আগামী অধিবেশনে এই বিষয়টি-সহ কুর্মি সম্প্রদায়ের অন্য দাবিগুলি নিয়ে আলোচনা করা হবে। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরে এমনই আশ্বাস মিলেছে বলে দাবি করলেন আদিবাসী কুর্মি সমাজের মূল মানতা অজিত মাহাতো। বৈঠকে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা শশাঙ্কশেখর মাহাতো, যুধিষ্ঠির মাহাতো প্রমুখ।

অজিত জানান, ফারদার কমন জাস্টিফিকেশন রিপোর্ট কেন্দ্রকে রাজ্য সরকার পাঠাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত ইতিবাচক বৈঠক হয়েছে। তিনি আরও বলেন, “শীঘ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসতে পারেন। তাঁর সঙ্গে বৈঠকে আমাদের ডাকা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আমাদের জাতিসত্তার স্বীকৃতির বিষয় নিয়ে আরও বিশদে আলোচনার সুযোগ মিলবে।”

সংগঠন সূত্রে খবর, এ দিন বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধিতে কুর্মিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অজিত বলেন, “এই দাবি আমরা আগেই জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী অভিন্ন দেওয়ানি বিধির বাইরে কুর্মি সম্প্রদায়কে রাখা হচ্ছে বলে আশ্বস্ত করেছেন। ওঁকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি।” এ ছাড়া, জমির নথি হিসাবে পরচায় কুর্মি উল্লেখ করা হবে ভূমি দফতরের তরফে আশ্বাস মিলেছে বলেও দাবি তাঁর।

কুর্মি সম্প্রদায়ের জাতিসত্তার স্বীকৃতি ও কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি মেটাতে কেন্দ্রীয় সরকার তাঁদের পাশে থাকবে, বিজেপির তরফে আশ্বাস পাওয়ার পরেই বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন জুগিয়েছিল কুর্মি সমাজ। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে কুর্মি-অধ্যুষিত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বিজেপির আশাতীত ফলের পেছনে রয়েছে কুর্মি সমাজের সমর্থন। এ বারে তাই তাঁদের দাবি পূরণে বিজেপির রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। কারণ, ‘ফারদার কমন জাস্টিফিকেশন রিপোর্ট’ তৃণমূল সরকার কেন্দ্রের কাছে পাঠাতে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল সংগঠনটি।

এ দিকে, বিধানসভা নির্বাচনের পরেই জঙ্গলমহলের জেলাগুলির আসনে জেতা কুর্মি বিধায়কদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা করেছিলেন অজিত। সেই অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তবে শেষ পর্যন্ত ওই কর্মসূচি স্থগিত হয়। আগামী ২০ সেপ্টেম্বর পুরুলিয়া ১ ব্লকের কড়াডিহি গ্রামে আদিবাসী কুর্মি সমাজের বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অজিত। তিনি বলেন, “২০ সেপ্টেম্বর আমাদের কাছে এক বিশেষ দিন। ওই দিনই রেল টেকা, ডহর ছেঁকার মতো আন্দোলন হয়েছে। ওই দিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kurmi West Bengal government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy