Advertisement
E-Paper

ভূমিকম্পে বেহালার পর্ণশ্রীর রাস্তায় ২০ ফুট ফাটল! এক দিন আগেই শেষ হয়েছিল সংস্কারের কাজ

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দুলে ওঠে উত্তর থেকে দক্ষিণ কলকাতা। অফিস-বাড়ি থেকে লোকজন রাস্তায় বেরিয়ে যান। কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫২
ভূমিকম্পের জেরে ফাটল কলকাতার রাস্তায়!

ভূমিকম্পের জেরে ফাটল কলকাতার রাস্তায়! —নিজস্ব ছবি।

দুপুরবেলা কেউ খেতে বসেছিলেন, কেউ টিভি দেখছিলেন। হঠাৎ দুলে উঠল বাড়ি। ভয় পেয়ে সকলে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। কিন্তু ভূমিকম্পের জেরে সেই রাস্তাই ফেটে আড়াআড়ি বিভক্ত! শুক্রবার দুপুরে এই ঘটনায় শোরগোল বেহালার পর্ণশ্রীর সাগর মান্না রোডে।

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দুলে ওঠে উত্তর থেকে দক্ষিণ কলকাতা। অফিস-বাড়ি থেকে লোকজন রাস্তায় বেরিয়ে পড়েন। কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। বাংলাদেশের সাতক্ষীরা ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি। তবে দুপুর থেকে বেহালার পর্ণশ্রীতে একটি রাস্তায় ফাটল ধরা নিয়ে শোরগোল পড়ে যায়। সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় ফাটল ধরা রাস্তার ছবি।

যে রাস্তায় ফাটল ধরেছে, সেটি কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, আগে রাস্তা কাঁচা ছিল। কয়েক দিন ধরে সংস্কারের কাজ চলছিল। বৃহস্পতিবার রাতেই পিচ ঢালা হয় রাস্তায়। দুপুরে ভূমিকম্পের পর সেখানেই ফাটল দেখা যায়। এলাকার বাসিন্দা দীনবন্ধু গায়েন বলেন, ‘‘গতকালই পিচ পড়েছে। ভূমিকম্পে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তার পরে দেখলাম রাস্তায় ফাটল!’’

১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাঁর তত্ত্বাবধানে আবার ওই রাস্তার কাজ শুরু হয়। আনন্দবাজার ডট কম-কে কাউন্সিলর বলেন, ‘‘আমি পার্টি অফিসে ছিলাম। রাস্তায় ফাটল ধরার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখলাম প্রায় ২০ ফুট মতো ফাটল। সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়। ইতিমধ্যে কাজ শেষও হয়ে গিয়েছে।’’ কাউন্সিলরও জানান, বৃহস্পতিবার রাতেই ওই রাস্তার কাজ শেষ হয়েছিল।

Earthquake Kolkata road Behala Parnashree
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy