কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে আরও কড়া হল নিরাপত্তা। সেখানে প্রবেশ এবং প্রস্থানের পথে চলবে কড়া নজরদারি। একটি ফাইলও দফতরের বাইরে নিয়ে যাওয়া চলবে না। কলকাতা পুরসভার গুরুত্বপূর্ণ নথি ও ফাইল লোপাট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েক জন বিজেপি কাউন্সিলর। সেই আবহে কলকাতা পুরসভার পুর-কমিশনার স্মিতা পাণ্ডে কেন্দ্রীয় ভবনের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের ছোট-বড় সমস্ত প্রবেশ ও প্রস্থানপথে কঠোর নজরদারি চালাতে হবে। পাশাপাশি, প্রতিটি ফটকে প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করারও নির্দেশ দেওয়া হয়েছে। কোনও আধিকারিক বা কর্মী অনুমতি ছাড়া কোনও ফাইল বা নথি ভবনের বাইরে নিয়ে যেতে পারবেন না। কোনও পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ ফাইল যাতে দফতরের বাইরে না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে নির্দেশে।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই ৪৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সন্তোষ পাঠক অভিযোগ করে জানান, কলকাতা পুরসভার বেশ কয়েক জায়গায় বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে ফাইল। তিনি পুরসচিব কিশোরকুমার বিশ্বাসকে সঙ্গে নিয়ে পুরভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখান। সে সময় ভবনের বেশ কয়েক জায়গায় বস্তাবন্দি ফাইল পড়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ। কোন বিভাগের নথি সেখানে রাখা হয়েছে, কেন বস্তায় ভরা হয়েছে এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে— প্রশ্ন তোলেন তিনি।
বিজেপি বিধায়ক তথা ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ এবং মিনাদেবী পুরোহিতও অভিযোগ করেছিলেন, তৃণমূল পুরসভার গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার চেষ্টা করছে। তাঁদের দাবি, গত ১৫ বছর ধরে তৃণমূল পুরবোর্ড চালানোর সময়ে যে দুর্নীতি হয়েছিল, তা আড়াল করতেই এ সব করা হচ্ছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনও সরকারি প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।
পুরসচিব বিষয়টি খতিয়ে দেখে পুর-কমিশনারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছিলেন। সেই পর্যালোচনার পরেই নিরাপত্তা সংক্রান্ত এই নতুন নির্দেশ জারি হয়েছে বলে দাবি করল পুরসভার একটি সূত্র। তবে বিষয়টি নিয়ে পুর প্রশাসনের কোনও আধিকারিক আনুষ্ঠানিক ভাবে কিছু জানাতে চাননি। নতুন নির্দেশ কার্যকর হলে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন বা পুর প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের লিখিত নির্দেশ ছাড়া কোনও ফাইল কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের বাইরে নিয়ে যাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।